চর দখলে নিয়ে বানানো মাটির বাঁধ ভেঙে দিল প্রশাসন

আজ বুধবার বেলা আড়াইটার দিকে সদর উপজেলার মস্তফাপুর স্লুইসগেট এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়
ছবি: প্রথম আলো

মাদারীপুরের কুমার নদে জেগে ওঠা চর অবৈধভাবে দখল করে মাছ চাষের জন্য সেখানে ঘের তৈরি করা হচ্ছিল। এ জন্য চরের চারপাশে এক্সকাভেটর দিয়ে মাটি কেটে বাঁধও দেওয়া হয়েছিল। এই অনিয়মের বিষয়ে প্রথম আলোয় সংবাদ প্রকাশের এক দিন পরই বাঁধটি ভেঙে দিয়েছে জেলা প্রশাসন। আজ বুধবার বেলা আড়াইটার দিকে সদর উপজেলার মস্তফাপুর স্লুইসগেট এলাকায় এ উচ্ছেদ অভিযান চালান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইনউদ্দিন।

মস্তফাপুরে কুমার নদে জেগে ওঠা ওই চর অবৈধভাবে দখলে নিয়েছিলেন মস্তফাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সোহরাব হোসেন খান। স্থানীয় বাসিন্দারা এর নাম দিয়েছিলেন ‘চেয়ারম্যান প্রজেক্ট’। নদের চরে বাঁধ উচ্ছেদ হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা আবু আলম বলেন, ‘আগের চেয়ারম্যান খাল বেচে খেত, এখনকার চেয়ারম্যান নদী বেচা শুরু করেছে। এখন প্রশাসন যে ভূমিকা নিয়েছে, তাতে আমরা খুশি।’

ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুরে বড় সেতুর নিচ দিয়ে বয়ে গেছে কুমার নদ। সেতুর পাশ দিয়ে ছোট একটি সড়ক ধরে ৩০০ মিটার এগোলেই মস্তফাপুর স্লুইসগেট। দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে থাকা এই স্লুইসগেটের ঠিক সামনে কুমার নদে চর পড়েছে। চার থেকে পাঁচ বছর ধরে চরটা পড়েছে। সদর উপজেলা প্রশাসনের সূত্র জানায়, ওই চরে ৫০ নম্বর চতুরপাড়া মৌজায় বিআরএস ১ নম্বর খতিয়ানে ৬৩৪ নম্বর দাগে ৩ একরের বেশি জমি ‘খাল শ্রেণি’ হিসেবে রেকর্ড আছে। সরকারি এই খাসজমির বিশাল একটি অংশের মাটি কেটে বেড়িবাঁধ দিয়ে ঘের তৈরি করছিলেন ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন। প্রায় আধা কিলোমিটার দীর্ঘ মাটির বাঁধটি ২০ থেকে ২৫ ফুট চওড়া। এ নিয়ে গতকাল মঙ্গলবার প্রথম আলোয় ‘চর কেটে হচ্ছে ঘের, বাঁধ পড়েছে নদে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

খাসজমির বিশাল একটি অংশের মাটি কেটে বেড়িবাঁধ দিয়ে ঘের তৈরি করছিলেন ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন

ইউএনও মো. মাইনউদ্দিন প্রথম আলোকে বলেন, নদে জেগে ওঠা চরের জমিতে ইউপি চেয়ারম্যান অবৈধভাবে ঘের করে মাছ চাষ ও শাকসবজি চাষাবাদ করার পরিকল্পনা করেছিলেন। একজন চেয়ারম্যান কর্তৃক সরকারি জায়গা দখল করা মোটেও গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রীয় সম্পত্তি অনুমতি ছাড়া ব্যবহারের কোনো সুযোগ নেই। চেয়ারম্যান কেন চর দখলে নিয়ে এমন কাজ করলেন, এ বিষয়ে প্রশাসনিকভাবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপাতত জেলা প্রশাসকের নির্দেশে ওই বাঁধ ভেঙে দেওয়া হয়েছে। এ ছাড়া বাঁশের খুঁটিতে লাল পতাকা টাঙিয়ে নদের খাসজমির সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

অভিযানের সময় মাদারীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, মস্তফাপুর ইউনিয়নের ভূমি অফিসের কর্মকর্তা আলেয়া আক্তার ও সদর থানার পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উচ্ছেদ অভিযানের সময় ইউপি চেয়ারম্যান সোহরাব সাংবাদিকদের বলেন, ‘এই চরে চাষাবাদের জন্য নিজের অর্থ খরচ করে বাঁধ দিয়েছিলাম। আমার উদ্দেশ্য ঠিক ছিল। কিন্তু এলাকার কিছু মানুষ আমাকে হেয়প্রতিপন্ন করতে আমার নামে দখলের অভিযোগ করেছে। প্রশাসন এখন ভেকু (এক্সকাভেটর) দিয়ে বাঁধ ভেঙে দিচ্ছে। এতে আমার কোনো আপত্তি নেই। তবে এখানে আবার মাদক–সন্ত্রাসের আড্ডা বসবে। এলাকার পরিবেশ নষ্ট হবে।’