লাশ
লাশ

খুলনায় নেশার টাকার জন্য মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক

খুলনার রূপসা উপজেলায় নেশার টাকার জন্য ছেলের বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মদপুর গ্রামে ওই নারী খুন হন। এ ঘটনায় অভিযুক্ত ছেলে নাদিম ইসলামকে (৩০) আটক করেছে পুলিশ।

নিহত মিম্মি বেগম (৫০) ওই গ্রামের বাসিন্দা হামিদুল ইসলামের স্ত্রী। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নাদিম দীর্ঘদিন মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই মায়ের কাছ থেকে টাকা চাইতেন। আজ সকাল আটটার দিকে নেশার টাকার দাবিতে তাঁর মায়ের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি গাছের ডাল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন মিম্মি বেগম এবং সেখানেই তাঁর মৃত্যু হয়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক মীর বলেন, প্রাথমিকভাবে জানা গেছে নেশার টাকা না পেয়ে ছেলে মাকে পিটিয়ে হত্যা করেছেন। অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।