প্রকৃত ছাত্রদের দিয়ে মহানগর কমিটি গঠনের দাবিতে সড়ক অবরোধ করে বরিশাল মহানগর ছাত্রদলের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার দুপুরের নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে
প্রকৃত ছাত্রদের দিয়ে মহানগর কমিটি গঠনের দাবিতে সড়ক অবরোধ করে বরিশাল মহানগর ছাত্রদলের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার দুপুরের নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে

বরিশালে ছাত্রদলের সড়ক অবরোধ, প্রকৃত ছাত্রদের দিয়ে কমিটি গঠনের দাবি

প্রকৃত ছাত্রদের নিয়ে বরিশালে মহানগর ছাত্রদলের নতুন কমিটির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার নগরের অশ্বিনী কুমার হল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। পরে স্থানীয় বিএনপি নেতাদের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়।

এর আগে আজ দুপুরে বরিশাল সদর হাসপাতালের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলের নেতা–কর্মীরা। মিছিলটি জেলখানা মোড় ঘুরে সদর রোড হয়ে অশ্বিনী কুমার হল চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বেলা সোয়া ১১টার দিকে সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। পরে দুপুর ১২টার দিকে তাঁরা সড়ক ছেড়ে যান।

সমাবেশে বক্তারা বলেন, বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি দীর্ঘদিন আগে মেয়াদোত্তীর্ণ হয়েছে। আট বছর ধরে নতুন কমিটি না হওয়ায় সংগঠনের কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে এবং নতুন নেতৃত্ব গড়ে ওঠার সুযোগ বাধাগ্রস্ত হচ্ছে। দ্রুত নতুন কমিটি গঠনের দাবি জানান তাঁরা।

এ বিষয়ে মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। তবে সেখানে অছাত্র ও আন্দোলন-সংগ্রামে ভূমিকা না থাকা ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার চেষ্টা হচ্ছে। ত্যাগী ও প্রকৃত ছাত্রদের নিয়েই কমিটি গঠন করতে হবে।

সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রদলের সদস্যসচিব মো. আবির হোসেন বলেন, দীর্ঘদিন ধরে মহানগরে কার্যকর কোনো কমিটি নেই। এখন অছাত্রদের অন্তর্ভুক্তির চেষ্টা চলছে, এমন অভিযোগ তুলে তিনি বলেন, আন্দোলনে সক্রিয় না থাকা ব্যক্তিরা যেন কমিটিতে স্থান না পান, সে দাবিতেই তাঁদের এই বিক্ষোভ।

বিক্ষোভে অংশ নেওয়া নেতা-কর্মীরা বলেন, ছাত্রত্ব আছে এমন ব্যক্তিদের নিয়েই নতুন কমিটি গঠন করতে হবে। ছাত্রত্ব নেই—এমন কাউকে কমিটিতে রাখা যাবে না।

কর্মসূচিতে সরকারি পলিটেকনিক কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. জুবায়ের, বরিশাল কলেজ ছাত্রদলের সদস্যসচিব মো. আল আমিনসহ বিভিন্ন ওয়ার্ড ও কলেজ শাখার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। তিনি বলেন, নতুন নেতৃত্বের দাবিতে ছাত্রদলের নেতা-কর্মীরা বিক্ষোভ করেছেন। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে দ্রুত নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে। তাঁর ভাষ্য, ‘আমরাও চাই, প্রকৃত ছাত্র ও আন্দোলন-সংগ্রামে সক্রিয়দের নিয়েই নতুন নেতৃত্ব গড়ে উঠুক।’