অপারেশন ডেভিল হান্ট
অপারেশন ডেভিল হান্ট

কুড়িগ্রামে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগের ১৬ নেতা-কর্মী গ্রেপ্তার

কুড়িগ্রাম ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকাল থেকে আজ সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও ডিবি ইনচার্জ মো. বজলার রহমান।

গ্রেপ্তার উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন, চর রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছমত আলী, রৌমারী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি সাইদুর রহমান, রাজারহাটের ছিনাই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বসুনিয়া, সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আবদুল জব্বার খন্দকার, উলিপুর উপজেলার আওয়ামী ওলামা লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহজালাল, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ফুলবাড়ী উপজেলার সহসভাপতি বদরুল ইমাম, ফুলবাড়ী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মনসুর আলী, ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি জাহেদুল ইসলাম, পাথরডুবি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, নাগেশ্বরী উপজেলার বামনডাঙা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন, রায়গঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি জুলহাস মিয়া, ছাত্রলীগের কচাকাটা কেদার ইউনিয়নের সহসভাপতি জাহিদুল ইসলাম, ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক জাহেদুল ইসলাম, উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী সুনীল কুমার শর্মা, চিলমারী উপজেলার ঢুষমারা অষ্টমীরচর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আলমগীর হোসেন আলম ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বজলার রহমান জানান, ওই ২৪ ঘণ্টার অভিযানে ১৬ জনকে গ্রেপ্তার করে জেলার বিভিন্ন থানার পুলিশ সদস্যেরা। জেলা পুলিশের সব থানা এলাকায় বিশেষ অভিযান চলমান আছে।