সিলেট নগরের সড়ক

৩৭৭ কিলোমিটারে বড় বড় গর্ত

সব মিলিয়ে সিটি করপোরেশনের থাকা ৯৭০ কিলোমিটার সড়কের মধ্যে ৩৭৭ কিলোমিটারই বেহাল।

সিলেট নগরের কুমারপাড়া সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা। সড়কে গর্তের সৃষ্টি হয়েছে। সেখানে জমেছে পানি। গতকাল দুপুরে
ছবি: প্রথম আলো

স্থানে স্থানে তৈরি হয়েছে ছোট–বড় খানাখন্দ। কোথাও কোথাও পিচ উঠে পাথর বেরিয়ে এসেছে। কোথাও আবার তৈরি হয়েছে বড় গর্ত। তাই রিকশা বা সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের প্রচণ্ড ঝাঁকুনি সহ্য করে চলতে হচ্ছে। গত সোমবার রাতে সিলেট নগরের কুমারপাড়া এলাকার সড়কে এমন দুরবস্থা দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, নগরের সোবহানীঘাট, মদিনা মার্কেট, হাওলাদার পাড়া, পাঠানটুলা, কদমতলী, উপশহর এলাকার সড়কগুলো ভাঙাচোরা। ভাঙাচোরা থাকায় এসব সড়কে যানবাহন চলছে ধীরগতিতে। এতে সারাক্ষণই এসব এলাকায় যানজট লেগে থাকছে। এ অবস্থায় পথচারীদের দুর্ভোগে পড়তে হচ্ছে।

সিটি করপোরেশন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, পুরোনো ও বর্ধিত ওয়ার্ড মিলিয়ে এখন ৩৯টি ওয়ার্ড আছে। এর মধ্যে পুরোনো ২৭টি ওয়ার্ডের ৫৭০ কিলোমিটার সড়কের মধ্যে ১২৭ কিলোমিটার এবং বর্ধিত ১২টি ওয়ার্ডের ৪০০ কিলোমিটার সড়কের মধ্যে ২৫০ কিলোমিটার সড়ক ভাঙাচোরা। সব মিলিয়ে সিটি করপোরেশনের থাকা ৯৭০ কিলোমিটার সড়কের মধ্যে ৩৭৭ কিলোমিটারই বেহাল।

এলাকাবাসী ও সড়কের আশপাশের কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, বেশ আগে থেকেই অনেক সড়ক ভাঙাচোরা অবস্থায় ছিল। গত জুন মাসের মাঝামাঝি ভয়াবহ বন্যায় তলিয়ে গিয়ে অনেক সড়কের আরও করুণ হাল হয়েছে। বিটুমিন, কার্পেটিং উঠে যাওয়ায় মানুষের দুর্ভোগের শেষ নেই। অনেক রিকশাচালক ভাঙাচোরা সড়কে যাতায়াতের জন্য অতিরিক্ত ভাড়া দাবি করেন। এ নিয়ে চালক ও যাত্রীদের মধ্যে প্রায়ই বচসা হয়। এমনকি বাগবিতণ্ডার জের ধরে হাতাহাতির ঘটনাও ঘটে।

মদিনা মার্কেট এলাকার একাধিক ব্যবসায়ী জানান, দীর্ঘদিন ধরে নগরের গুরুত্বপূর্ণ অনেক সড়ক বেহাল থাকলেও তা সংস্কারে সংশ্লিষ্ট ব্যক্তিরা কোনো উদ্যোগই নিচ্ছেন না। কুমারপাড়া এলাকার গৃহিণী রাবেয়া আক্তার বলেন, তাঁদের এলাকার সড়কটি ভাঙা থাকায় বয়স্ক ব্যক্তি, নারী, শিশু ও রোগীদের পথ চলতে সমস্যা হয়। অনেক সময় পথচারীরা হাঁটতে গিয়ে অসাবধানতাবশত গর্তে পড়ে আহত হচ্ছে।

সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, বন্যায় সিলেট নগরের অধিকাংশ সড়ক বেহাল। তবে এসব সড়ক সংস্কার ও পুনর্নির্মাণে মন্ত্রণালয়ের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ এলে পুরোদমে সংস্কারকাজ শুরু হবে। তবে নগরবাসীর চলাচল সুগম করতে প্রায়ই ভাঙাচোরা সড়কে জরুরি সংস্কার করা হয়।