
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সিএনজিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সড়কে ছিটকে পড়েন একজন চালক। পরে বিপরীত দিক থেকে আসা একটি লরি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। আজ রোববার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন (৪৮) একটি অটোরিকশার চালক ছিলেন। তাঁর বাড়ি উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল পৌনে আটটার দিকে উপজেলার বৈশামুড়া এলাকা থেকে একজন যাত্রী নিয়ে কামাল হোসেন সরাইল বিশ্বরোড মোড়ের দিকে যাচ্ছিলেন। সকাল আটটার দিকে শাহবাজপুর বাসস্ট্যান্ড এলাকায় কামাল হোসেনের অটোরিকশাটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কামাল হোসেন মহাসড়কে ছিটকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী লরির চাকায় পিষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুরুতর আহত হন অটোরিকশার এক যাত্রী। তাঁকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার পর মহাসড়কে যানজট সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু বসু প্রথম আলোকে বলেন, পণ্যবাহী লরি ও একটি অটোরিকশা জব্দ করা হয়েছে। লরির চালক পালিয়েছেন। এ ঘটনায় একটি মামলা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।