
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী (এ্যানি) বলেছেন, দীর্ঘদিন খাল খনন না হওয়ায় শুধু কেরানীগঞ্জ নয়, সারা দেশে সেচব্যবস্থায় ঘাটতি ও জলাবদ্ধতা বেড়েছে। এতে কৃষি উৎপাদন ও জনজীবনে দুর্ভোগ তৈরি হয়েছে। খাল দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ বুধবার দুপুরে ঢাকার কেরানীগঞ্জে শুভাঢ্যা খাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
‘খাল-পুকুর-জলাশয় খনন ও পুনঃখনন’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া ঝাউবাড়ি এলাকা পরিদর্শন করেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী। এ সময় তিনি বলেন, ‘শুভাঢ্যা খালের খনন ও উন্নয়নের কাজ সরেজমিনে পরিদর্শন করলাম। জনস্বার্থে আমাদের অনেক কাজ করতে হবে। এ কাজের দ্বিতীয় ফেজে গেলে সাধারণ মানুষ এর সুফল পাবে। এর মধ্যে সুয়ারেজ লাইন ও ড্রেনেজ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া আমাদের মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সমন্বয় করে কাজটি সুষ্ঠভাবে সম্পন্ন করার চেষ্টা করব। এ বিষয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক করে পুনরায় সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে দ্বিতীয় ফেজ কাজটা দ্রুত গতিতে সম্পন্ন করা যায়।
জনকল্যাণে নতুন উদ্যোগের কথা উল্লেখ করে শহীদ উদ্দিন চৌধুরী বলেন, ‘পরিদর্শন করে দেখলাম খালের অনেক জায়গায় ময়লা-আবর্জনা জমে আছে। অনেক জায়গা বেদখল আছে। এসব কারণে ঘরবাড়ি ও মার্কেট গড়ে উঠেছে। পানি মন্ত্রণালয়ের পাশাপাশি পরিবেশ, স্থানীয়, গণপূর্ত ও কৃষিসহ ছয় মন্ত্রণালয়ের সমন্বয়ে আমরা কাজটি শুরু করেছি। এতে জনগণের সহযোগিতা প্রয়োজন। তাঁদের সকলকে এগিয়ে আসতে হবে। খালে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। খাল দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সবার আন্তরিকতা থাকলে আমরা চ্যালেঞ্জটি গ্রহণ করতে সক্ষম হব।’
পানিসম্পদমন্ত্রী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন আন্দোলন শুরু করেছিলেন। আমাদের নির্বাচনী প্রতিশ্রুতিতেও বিষয়টি রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজটি করে যাচ্ছি। বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার। জনকল্যাণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।’
এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন (আজাদ) বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। শুভাঢ্যা ও আটিবাজার খাল খনন বাস্তবায়নে পানিসম্পদ মন্ত্রণালয় অগ্রণী ভূমিকা পালন করবে।
এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব এ কে এম শাহাবুদ্দিন, লেফট্যানেন্ট কর্নেল শাহাদাত হোসেন, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক, মেজর মো. শাকিব, অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) জাহাঙ্গীর কবির, পানিসম্পদ মন্ত্রণালয়ের ঢাকা জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় প্রমুখ।
এরপর পানিসম্পদ মন্ত্রী ও প্রতিমন্ত্রী কেরানীগঞ্জের কালীগঞ্জ জোড়া সেতু ও আমিনপাড়া এলাকা–সংলগ্ন শুভাঢ্যা খাল এবং আটি জয়নগর এলাকায় বুড়িগঙ্গা শাখা খাল পরিদর্শন করেন। এ সময় সেখানে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান এবং তাঁর ছেলে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইরফান ইবনে আমান (অমি) উপস্থিত হন।
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সঙ্গে কুশল বিনিময় শেষে আমানউল্লাহ আমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আটি জয়নগর খাল খনন করেছিলেন। কালক্রমে এটি দখল হয়ে যায়। যদি খালটি দখল ও দূষণমুক্ত হয় তাহলে এলাকাবাসী অনেক উপকৃত হবে।’