ব্যস্ততম সড়কের দুই পাশে নালা না থাকায় সামান্য বৃষ্টি হলেই পানি জমে। এতে উঠে যাচ্ছে সড়কের পিচ ও খোয়া, আস্তে আস্তে বড় হচ্ছে গর্ত।
কুমিল্লা নগরের কান্দিরপাড় থেকে ধর্মপুর পর্যন্ত তিন কিলোমিটার সড়কের নজরুল অ্যাভিনিউর কালীবাড়ি ও অশোকতলা এলাকায় বৃষ্টির পানি জমে শতাধিক গর্তের সৃষ্টি হয়েছে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। প্রতিদিন ভোগান্তি নিয়ে অসংখ্য যানবাহন এই পথ পাড়ি দিচ্ছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, ব্যস্ততম সড়কের দুই পাশে নালা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে। এতে উঠে যাচ্ছে সড়কের পিচ ও খোয়া, আস্তে আস্তে বড় হচ্ছে গর্ত।
গত সোমবার নগরের কান্দিরপাড় নজরুল অ্যাভিনিউর কাত্যায়ানী কালীবাড়ির সামনে দেখা যায়, সড়কের মধ্যে শতাধিক ছোট–বড় গর্ত। একেকটি বড় আকারের গর্তে কাদাপানি জমে আছে। সামান্য বৃষ্টিতে গর্তে পানি জমে একাকার অবস্থা। সড়কের এই অংশের বিস্তীর্ণ এলাকাজুড়ে গর্ত। এখানে গাড়ির চাকা আটকে যানজটের সৃষ্টি হচ্ছে। এই পথ দিয়ে কুমিল্লা মডার্ন হাইস্কুলের হাজারো শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করে। কান্দিরপাড়ের এই সড়ক ব্যবহার করে নগরের পশ্চিম-দক্ষিণ এলাকার বাসিন্দারা।
এ সড়কের অশোকতলা ভারুলবাড়ি এলাকার সামনে দেখা গেছে অসংখ্য গর্ত। সেখানেও পানি জমে সড়কের মধ্যে গর্তের সৃষ্টি হয়েছে। সড়কে কাদা জমে আছে।
ইজিবাইকচালক নজরুল ইসলাম বলেন, ‘কালীবাড়ির সামনে এলে গাড়ি নিয়ে সতর্কতার সঙ্গে পার হতে হয়। একেকটি গর্ত অনেক বড়। কোনো ধরনের সংস্কার নেই। গত দুই বছর ভোগান্তি নিয়ে গাড়ি চালাই।’
রিকশাচালক আনোয়ার হোসেন বলেন, ‘গর্তে পড়ে আমার রিকশা একবার উল্টে গেছে। দুই বছর ধরে ভোগান্তি নিয়ে এই এলাকা পার হচ্ছি।’
নগর ভবন সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছরে বিশ্বব্যাংকের অর্থায়নে এমজিএসপি প্রকল্পের আওতায় নগরের প্রাণকেন্দ্র কান্দিরপাড় থেকে ধর্মপুর মোড় পর্যন্ত তিন কিলোমিটার সড়ক প্রায় তিন কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হয়। নিয়মানুযায়ী, মেশিন দিয়ে ইট–বালু, সিমেন্ট ও পাথর মিশ্রণ করার কথা। কিন্তু সেখানে হাতে তৈরি খোয়া দিয়ে সড়কের মধ্যে কাজ করা হয়। তার ওপর সড়কের দুই পাশে পানিনিষ্কাশনের কোনো জায়গা নেই। এতে সড়কের মধ্যে সামান্য বৃষ্টি হলেই পানি জমে থাকে। দীর্ঘদিন পানি জমে থাকায় জলাবদ্ধতা দেখা দেয়। তখন পিচ নষ্ট হয়ে যায়। এতে একে একে সড়কের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত ছোট–বড় গর্তের সৃষ্টি হয়।
নগর ভবনের প্রকৌশল শাখা সূত্রে জানা গেছে, ২০২২ সালের জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী, নগরে জনসংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৪১৪ জন। এদের চলাচলের জন্য ৪৮২ কিলোমিটার সড়ক রয়েছে। নগরের ১ থেকে ১৮ নম্বর ওয়ার্ড পর্যন্ত ১৪৭ কিলোমিটার এবং ১৯ থেকে ২৭ নম্বর ওয়ার্ড পর্যন্ত ৩৩৫ কিলোমিটার সড়ক রয়েছে। বর্তমানে গলিপথসহ ২০ শতাংশ সড়ক বেহাল।
কুমিল্লা সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শেখ মো. নুরুল্লাহ বলেন, নগরের ২০ শতাংশ সড়কের অবস্থা একেবারেই নাজুক। সড়কের পাশে নালা না থাকায় এ অবস্থা হয়েছে। বর্ষা মৌসুমে এটি তীব্র আকার ধারণ করে। শিগগিরই কান্দিরপাড়-ধর্মপুর সড়কের দুটি স্থানে কাজ করা হবে।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করা হবে।