মহদীপুর সমাজকল্যাণ সমিতির মাধ্যমে গ্রামবাসী এখন নিজেদের সমস্যার সমাধান করায় তাঁদের অন্য গ্রামের মানুষের কাছে আর যেতে হয় না।

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদর থেকে প্রায় আড়াই কিলোমিটার পূর্বে মহদীপুর পশ্চিমপাড়া গ্রাম। গ্রামের দরিদ্র ও অসহায় মানুষ নানা
প্রয়োজনে পাশের গ্রামের মানুষের কাছে ছুটে যেতেন। বৈবাহিক ও সামাজিক অনুষ্ঠানে চেয়ার, টেবিল ও রান্নাবান্না করার সামগ্রীও তাঁদের টাকার বিনিময়ে আনতে হতো।
গ্রামবাসীর এমন অবস্থা দেখে গ্রামের কয়েকজন তরুণ একটি সংগঠন করার উদ্যোগ নেন। অবশেষে তাঁদের প্রচেষ্টায় মহদীপুর সমাজকল্যাণ সমিতি নামে একটি সামাজিক সংগঠন গড়ে ওঠে। এ সংগঠনের মাধ্যমে গ্রামবাসী এখন নিজেদের সমস্যার সমাধান করায় তাঁদের অন্য গ্রামের মানুষের কাছে আর যেতে হয় না। সংগঠনের সদস্যরা গ্রামের বিভিন্ন উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ায় গ্রামবাসীর মধ্যে সম্প্রীতির সেতুবন্ধ তৈরি হয়েছে।
যেভাবে শুরু
২০০৯ সালের শেষের দিকে মহদীপুর পশ্চিমপাড়া গ্রামের কয়েক তরুণ গ্রামের মানুষের সুখে–দুঃখে পাশে থাকতে একটি সমিতি গঠনের উদ্যোগ নেন। ধীরে ধীরে তাঁদের এই উদ্যোগের খবর গ্রামের চাকরিজীবী, শ্রমিক, দিনমজুর, কৃষকসহ সব শ্রেণি–পেশার মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। তরুণদের ডাকে সাড়া দিয়ে গ্রামবাসী সমবেত হয়ে সভা করেন। সংগঠনটির নাম দেওয়া হয় ‘মহদীপুর সমাজকল্যাণ সমিতি’। গ্রামের ১৫৫টি পরিবার থেকে একজন করে সদস্য নিয়ে সমিতি গঠন করা হয়। গঠিত হয় ১১ সদস্যের কার্যকরী কমিটি। সংগঠনটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ২০১০ সালের ১ জানুয়ারি। দুই বছর পর পর কার্যকরী কমিটি পুনর্গঠন করা হয়।
তহবিল গঠন
সংগঠনটির সদস্যদের মাসিক বা বার্ষিক চাঁদার হার নির্ধারণ করা নেই। সদস্যরা যাঁর যাঁর সাধ্যমতো চাঁদা দিয়ে সমিতির তহবিল গঠন করেন। প্রতিমাসে সমিতির কার্যকরী কমিটির সভা হয়। বার্ষিক সভায় সমিতির সদস্যরা উপস্থিত থাকেন। সমিতির তহবিল গঠনের মধ্য দিয়েই গ্রামের মানুষের বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক কাজে অংশ নিতে শুরু করেন তাঁরা।
নিজস্ব কার্যালয় নির্মাণ
আড়াই শতাংশ জায়গা ও আধা পাকা একটি ভবনে সমিতির কার্যালয় অবস্থিত। ভবনের কক্ষে গ্রাম্যসালিস, সামাজিক বিভিন্ন অনুষ্ঠান হয়। এ ছাড়া সমিতির নিজেদের তহবিল থেকে কেনা হয়েছে ১০০টি চেয়ার, ১০টি টেবিল, রান্না করার উপকরণসামগ্রী ও গেট। বিয়েসহ নানা সামাজিক অনুষ্ঠানে এসব সামগ্রী গ্রামবাসী বিনা মূল্যে ব্যবহার করেন।
সমিতির সেবাধর্মী কাজ
১৯৯৫ সালে মহদীপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি স্থানীয় এক ব্যক্তি জায়গায় প্রতিষ্ঠিত হয়। নির্মাণ করা হয় একটি টিনের ঘর। প্রায় তিন বছর পাঠদান চললেও কালবৈশাখীতে বিদ্যালয়টির ঘর ধসে পড়ে। পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে যায়। ২০১৭ সালে সমিতির তহবিল থেকে ৪৮ শতাংশ জায়গা কিনে সেটি বিদ্যালয়ের নামে রেজিস্ট্রি করা হয়। চলতি বছরে মহদীপুর স্বতন্ত্র এবতেদিয়া মাদ্রাসার নতুন ভবন নির্মাণে এক লাখ টাকা অনুদান দেন সমিতির সদস্যরা। গ্রামের মাঠটির নানা স্থানে ছিল ছোট বড় অসংখ্য গর্ত। ২০১৮ সালে সমিতির অর্থায়নে মাঠটি ভরাট করে খেলাধুলার উপযোগী করা হয়। এখন সমিতির পক্ষ থেকে ওই মাঠে প্রতিবছর ক্রিকেট, ফুটবল ও গ্রামীণ অন্যান্য খেলাধুলা হয়। এতে আর্থিক সহযোগিতা করছেন সংগঠনটির সদস্যরা। এ ছাড়া দরিদ্র শিক্ষার্থীদের ও অসুস্থ মানুষের আর্থিক সহায়তা, বাল্যবিয়ে বন্ধ, মাদক ও নানা অসামাজিক কার্যক্রম প্রতিরোধে সংগঠনটি ভূমিকা রাখছে। গ্রামটিতে ২০১৬ সালে বিদ্যুৎ আসে। সংগঠনটির পক্ষ থেকে এর আনুষাঙ্গিক খরচের ব্যয় মেটানো হয়। ২০২০ সালে করোনার সময় ওই গ্রামের নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েন। এ সময় গ্রামের কর্মহীন ও দরিদ্র মানুষের জন্য খাদ্যসামগ্রী নিয়ে পাশে দাঁড়ান সমিতির সদস্যরা। করোনার দুর্যোগ ও বন্যায় সময়ও তাঁরা একে ওপরের পাশে ছিলেন।
গ্রামের বাসিন্দা ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন খান বলেন, এই সমিতি গঠনের মাধ্যমে গ্রামবাসীর মধ্যে ঐক্য ও পারস্পরিক সম্প্রীতি গড়ে উঠেছে। এ ছাড়া এই সমিতি দরিদ্র শিক্ষার্থী, অসুস্থ ও দরিদ্র মানুষের আর্থিক সহায়তা দেওয়ার পাশাপশি নানা উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত থাকায় এই সমিতির প্রশংসা আশপাশে ছড়িয়ে পড়ছে।
মহদীপুর সমাজকল্যাণ সমিতির সভাপতি সুরুজ আলী ও সাধারণ সম্পাদক মো. হানিফ বলেন, সমিতি গঠন করে আমরা গ্রামের মানুষ একের ওপরের সুখে–দুঃখে পাশে আছি। আমাদের গ্রামের ছাত্রছাত্রীদের প্রায় পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিয়ে উপজেলা সদরের বিদ্যালয়গুলোতে আসতে হয়। এখন আমাদের প্রধান লক্ষ্য, গ্রামের নিম্নমাধ্যমিক বিদ্যালয়টির ভবন নির্মাণ করে এটি পুনরায় চালু করা এবং গ্রামের নারীদের স্বাবলম্বী করতে কুটির শিল্প ও সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করা। খুব শিগগির সমিতির নামে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা ও সমিতিটি নিবন্ধনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে আমরা আশপাশের গ্রামের দরিদ্র শিক্ষার্থী ও দরিদ্র মানুষকে সহায়তা করার উদ্যোগ নেব।
ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জুবায়ের পাশা বলেন, এই সমিতি গ্রামের মানুষের সুদিনে–দুর্দিনে পাশে থাকার পাশাপাশি বিভিন্ন উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছে, যা সত্যিই খুব প্রশংসনীয়। বাংলাদেশের প্রতিটি গ্রামে এই ঐক্যের বন্ধন ছড়িয়ে পড়ুক, এটাই প্রত্যাশা।
ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান বলেন, এই সমিতি গ্রামবাসীর মধ্যে ঐক্য গড়ে তোলায় এবং দরিদ্রদের সহায়তা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করায় আমরা তাদের সাধুবাদ জানাই। সমিতির প্রতিটি ভালো কাজে উপজেলা প্রশাসন তাদের পাশে থাকবে।