
সাদ্দাম হোসেন একটি ভুসিমালের আড়তের দিনমজুর। অন্য সময়ে তিনি ব্যাটারিচালিত ভ্যানগাড়িতে ভাড়ায় খাটেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় পুলিশ দেখে তিনি ভোঁ দৌড় দিয়ে পালিয়ে যান। ঘটনাটি মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের। সাদ্দাম হোসেন এলাকায় বিএনপির কর্মী হিসেবে পরিচিত। পুলিশ আসার খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতা-কর্মীরা গা ঢাকা দেন।
১০ ডিসেম্বর ঢাকার পল্টনে বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে দলটির নেতা-কর্মীদের ‘গায়েবি’ মামলায় আটকের ভয়ে অনেক নেতা-কর্মী বাড়িতে থাকতে পারছেন না। সাদ্দাম হোসেনও ভয়ে রয়েছেন। এ কারণে পুলিশ দেখে তিনি দৌড় দেন। গত সংসদ নির্বাচনে সাদ্দামকে নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। তিনি জামিনে রয়েছেন।
সাদ্দাম হোসেন প্রথম আলোকে বলেন, ‘সম্প্রতি এলাকার বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে পুলিশ ঘোরাফেরা করছে। নাশকতা মামলায় আবারও জেলে যেতে হবে বলে মনে করে সবাই ভয়ভীতির মধ্যে দিন যাপন করছেন। আড়তে কাজ করার সময় দুজন পুলিশ দেখে ভয় পেয়ে পালিয়ে গেছি।’
গত ২৮ নভেম্বর গাংনী শহরের উত্তর পাড়ার একটি পরিত্যক্ত মাছের হ্যাচারি থেকে তিনটি ককটেল উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় ছাত্রলীগের সাবেক নেতা সাহিদুজ্জামান শিপু গাংনী থানায় ১১ জনের নাম উল্লেখ করে মোট ২০ জনকে আসামি করে নাশকতার অভিযোগে মামলা করেন। ওই মামলায় ওই দিন রাতেই পৌর যুবদলের সভাপতি সাহিদুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। ৩ ডিসেম্বর বিকেলে গাংনী পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের হলপাড়ার একটি ভাড়া বাসা থেকে উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও তেঁতুলবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার উপজেলা যুবদলের সদস্যসচিব জাহিদ আহমেদকে (৪০) গ্রেপ্তার করে পুলিশ। জাহিদ গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের মৃত মেছের আলীর ছেলে। নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, গাংনী পৌর শহরে ককটেল বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা সাহিদুজ্জামানের করা নাশকতা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার করার জন্য পুলিশ কাজ করছে।
জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ বলেন, আবারও ‘গায়েবি’ মামলা করা হচ্ছে থানায় থানায়। গ্রেপ্তার আতঙ্কে বিএনপির নেতা-কর্মীরা। ১০ তারিখের গণসমাবেশকে কেন্দ্র করে সরকার মরিয়া হয়ে পড়েছে। যেকোনো কায়দায় দমন-নিপীড়ন করে ক্ষমতায় থাকার চেষ্টা করছে সরকার। পুলিশ বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে। অনেকে এলাকাছাড়া। অনেকে বাড়িতে থাকতে পারছেন না।