
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উম্মে ফাতেমা নাজমা বেগমকে প্রধান অতিথি করা নিয়ে আপত্তি তুলেছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা। পরে উপজেলা প্রশাসনের দীর্ঘ আলোচনা ও অনুরোধের পর এক ঘণ্টা বিলম্বে অনুষ্ঠান শুরু হয়। তবে এ ঘটনায় ওই অনুষ্ঠান বর্জন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ঠাকুর, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রোকেয়া বেগম।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে উপস্থিত থাকলেও বক্তব্য দেননি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইসমত আলী। উপজেলা প্রশাসনের উদ্যোগে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দলীয় সূত্রে ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১২ সালের ২১ অক্টোবর উম্মে ফাতেমা নাজমা বেগমের স্বামী এ কে এম ইকবাল আজাদ দলীয় কোন্দলে খুন হন। হত্যাকণ্ডের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি আবদুল হালিম, সহসভাপতি সাদেক মিয়া, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ঠাকুর, যুগ্ম সম্পাদক আবদুল জব্বার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের তৎকালীন কমান্ডার ইসমত আলী, ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের তৎকালীন সভাপতি মাহফুজ আলী, উপজেলা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক হাফিজুল আসাদসহ ২৯ নেতা-কর্মীকে আসামি করে মামলা করা হয়। এ মামলার পর অভিযুক্ত ব্যক্তিরা দলীয় পদ হারিয়েছেন। মামলার বিচারকাজ এখনো শেষ হয়নি। এর মধ্যে আবদুল হালিম ও সাদেক মিয়া মারা গেছেন।
এ মামলার পর থেকে নাজমা বেগমের সঙ্গে স্থানীয় মুক্তিযোদ্ধা এবং উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সাবেক কমিটির নেতা–কর্মীদের মধ্যে বিরোধ চরমে পৌঁছায়। এর জেরে দুই বছর ধরে সরকারি বিভিন্ন অনুষ্ঠানে সংসদ সদস্য নাজমা বেগম উপস্থিত থাকলে সেই অনুষ্ঠান স্থানীয় মুক্তিযোদ্ধারা বর্জন করে আসছেন। এ ছাড়া স্থানীয় মুক্তিযোদ্ধা এবং মামলার আসামিরা ওই মামলা প্রত্যাহার ও মামলাটি পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি, সংবাদ সম্মেলনসহ নানা কর্মসূচি পালন করে আসছেন।
অনুষ্ঠান বর্জন প্রসঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর প্রথম আলোকে বলেন, ‘উম্মে ফাতেমা নাজমা বেগম তালিকাভুক্ত স্বাধীনতাবিরোধী ব্যক্তির পুত্রবধূ। বীর মুক্তিযোদ্ধাদের মতো জাতির শ্রেষ্ঠ সন্তানদের অনুষ্ঠানে তাঁকে প্রধান অতিথি করা যেতে পারে না। এ জন্য আমি ওই অনুষ্ঠান বর্জন করেছি।’
বীর মুক্তিযোদ্ধা ইসমত আলী প্রথম আলোকে বলেন, ‘মহিলা সংসদ সদস্যের শ্বশুর ছিলেন তালিকাভুক্ত স্বাধীনতাবিরোধী। এ ছাড়া তিনি কয়েক বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের অপমানিত করে আসছেন। এ জন্য আমরা তাঁকে মেনে নিতে পারি না। আমরা আজকের অনুষ্ঠান বর্জন করেছিলাম। পরে প্রশাসনের অনুরোধে শুধু উপস্থিত হয়েছি। আমরা তাঁকে আর মেনে নেব না।’
স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে ব্যক্তিগত কোনো বিরোধ নেই বলে দাবি করেছেন সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম। এ বিষয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। তাঁদের সঙ্গে আমার ভালো সম্পর্ক। আমি ঢাকা থেকে এসেছি। এ জন্য অনুষ্ঠানের পাশে ইউপি চেয়ারম্যানের অফিসে বসেছিলাম। এখানে ফ্রেশ হতে আমার কিছু সময় লেগেছে। তাই অনুষ্ঠানে যেতে কিছুটা বিলম্ব হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সরওয়ার উদ্দীন প্রথম আলোকে বলেন, অনুষ্ঠানের প্রথম দিকে বীর মুক্তিযোদ্ধাদের কিছুটা আপত্তি ছিল। পরে তাঁরা অনুষ্ঠানে যোগদান করেছেন।