খুলনার কয়রা

বাঁধের জলকপাট নষ্ট, আমন চাষ নিয়ে শঙ্কা

উপজেলায় রয়েছে ২৩টি জলকপাট । এর মধ্যে আটটিই বর্তমানে নষ্ট। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ১৩টি।

নষ্ট হয়ে আছে কয়রা সদরের গুচ্ছগ্রাম–সংলগ্ন ওড়াতলা এলাকার জলকপাট। গত রোববার তোলা
ছবি: প্রথম আলো

খুলনার উপকূলবর্তী কয়রা উপজেলার মধ্য দিয়ে বয়ে গেছে কয়েকটি নদী। এসব নদীর চারপাশে রয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ। প্রয়োজনে কৃষি জমির পানি সরিয়ে দিতে বা নদী থেকে পানি তুলতে পুরো উপজেলায় রয়েছে ২৩টি জলকপাট (স্লুইসগেট)। এর মধ্যে আটটিই বর্তমানে নষ্ট। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ১৩টি। আর যে দুটি ভালো রয়েছে, তাতে খুব বেশি উপকার পাচ্ছেন না এলাকাবাসী।

এমন পরিস্থিতিতে চলতি মৌসুমে আমনের আবাদ নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকেরা। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, এবার বর্ষা মৌসুমে অনেক কম বৃষ্টি হয়েছে। খালের মধ্যে যে পানি রয়েছে তা–ও লোনা। এবার যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তাতে মাটি ও খালের পানির লবণাক্ততা কাটছে না। অন্যদিকে জলকপাট নষ্ট থাকায় সামান্য বৃষ্টি হলেও তা জমিতে ধরে রাখা যাচ্ছে না, নদীতে চলে যাচ্ছে। এভাবে চলতে থাকলে অধিকাংশ জমিরই আমনের আবাদ নষ্ট হয়ে যাবে।

উপজেলার মোট ১২১ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। বিভিন্ন প্রয়োজনে পানিনিষ্কাশন ও পানি তোলার জন্য ওই বেড়িবাঁধের মধ্যে ২৩টি জলকপাট তৈরি করা হয়। পাউবোর কর্মকর্তারা বলছেন, নব্বইয়ের দশকে করা এসব জলকপাট মেরামতের জন্য ঊর্ধ্বতন কার্যালয়ে তালিকা পাঠানো হয়েছে।

পাউবোর তালিকা অনুযায়ী, একেবারে নষ্ট জলকপাটগুলো হলো পাউবোর কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনসংলগ্ন জলকপাট, নয়ানি, কুশোডাঙ্গা, কাঠমারচর, ওড়াতলা, পদ্মপুকুর, বিনাপানি ও হাজতখালী এলাকার জলকপাট।

এ ছাড়া ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে নাকশা, মসজিদ কুড়, আমাদী, খোড়লকাঠী, শালুকখালী, হোগলা, লালুয়া, নারায়ণপুর, গোবিন্দপুর, সুতিয়া বাজার, গড়ীয়াবাড়ী, জোড়শিং ও ২ নম্বর কয়রা এলাকার জলকপাটগুলো।

নব্বই দশকে অধিকাংশ জলকপাট নির্মিত হলেও আর মেরামত করা হয়নি। ফলে রক্ষণাবেক্ষণ ও মেরামতের অভাবে আটটি একেবারেই বন্ধ রয়েছে। এ ছাড়া ঘূর্ণিঝড় আম্পানে উত্তর বেদকাশীর হাজতখালীর জলকপাটটি ভেঙে নদীতে তলিয়ে যায়। ধসে যাওয়ার চার বছরেও নির্মাণ হয়নি কয়রা সদরের গুচ্ছগ্রামসংলগ্ন ওড়াতলা জলকপাট। এর বাইরে সচলগুলোর অধিকাংশ কপাট ভেঙে যাওয়ায় পানিনিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে।

গড়ীয়াবাড়ী এলাকার কৃষক চপল কুমার বলেন, আমন আবাদের মৌসুম শুরু হয়েছে। এবার বৃষ্টি কম। প্রচুর পানির প্রয়োজন। কিন্তু লবণাক্ততার কারণে খালের পানি ব্যবহার করতে পারছেন না। জলকপাট বেঁকে যাওয়ায় বৃষ্টি হলেও পানি ধরে রাখা যাচ্ছে না।

উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর কয়রা খালের জল কপাটের পাশ দিয়ে ছিদ্র হয়ে পানি চলে যায় কপোতাক্ষ নদে। এতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সেটি। দড়ি দিয়ে বেঁধে চলছে জলকপাট ওঠানো-নামানোর কাজ। এভাবেই বছরের পর বছর পার হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, অধিকাংশ জলকপাটের দরজাই ভাঙা। কিছু গেটের দুটি কপাটের মধ্যে একটি কপাট ভালো। আবার দুটো কপাটই সম্পূর্ণ আটকানো। এগুলো কখনো ওঠানো কিংবা নামানো যায় না। এগুলোতে মরিচা ধরে আটকে রয়েছে। ভাঙা কপাট দিয়ে সব সময় জোয়ারের পানি ভেতরে প্রবেশ করে ও ভাটা হলে নেমে যায়। জল কপাটগুলো রক্ষণাবেক্ষণের অভাবে অধিকাংশই অকেজো হয়ে পড়ছে।

কয়রা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ওই উপজেলায় এ বছর ১৪ হাজার ৭২০ হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কয়রার অনেক জলকপাট অকেজো। মাঠ থেকে পানি বের করে দিতে পারে না কৃষক। আবার অনেক খালে মিষ্টি পানিও সংরক্ষণ করে রাখা যায় না। জলকপাটগুলো জরুরি ভিত্তিতে সংস্কার বা মেরামত করা প্রয়োজন।

পাউবোর কয়রার উপসহকারী প্রকৌশলী মশিউল আবেদীন বলেন, জলকপাট সংস্কারের বিষয়টি পাউবোর মেকানিক্যাল দপ্তর দেখভাল করে। কয়রার অকেজো ও ঝুঁকিপূর্ণ জলকপাটগুলোর তালিকা করে পুনর্নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অনুমোদন ও বরাদ্দ পেলে নির্মাণকাজ শুরু করা হবে।