
নারায়ণগঞ্জের আড়াইহাজারে যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা খাদে পড়ে কলেজছাত্রসহ দুজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল আটটার দিকে উপজেলার আধুরিয়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বাহের চর এলাকার মোহাম্মদ আলীর ছেলে দুলাল মিয়া (৫০) ও রূপগঞ্জের মিয়াবাড়ি এলাকার নাইম মিয়ার ছেলে মো. নাফিজ (১৭)। নাফিজ আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। রূপগঞ্জ থেকে সে কলেজে যাচ্ছিল। এ ঘটনায় আরও এক নারী আহত হয়েছেন। তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি।
ভুলতা হাইওয়ে পুলিশ জানায়, নিহত দুজনই অটোরিকশার যাত্রী ছিলেন। আধুরিয়া এলাকার পাল্লা মোড়ে অটোরিকশাটি যাত্রীর জন্য অপেক্ষা করছিল। এ সময় ঢাকাগামী বন্ধন পরিবহনের একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ সময় স্থানীয় লোকজন এক নারীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (ট্রাফিক) ওমর ফারুক প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে বাস ও অটোরিকশার চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। আজ দুপুর ১২টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।