কুমিল্লা

শহীদের স্বীকৃতি চায় প্রসন্নের পরিবার

১৯৭১ সালের ২৮ মার্চ প্রসন্ন কুমারকে ময়নামতি সেনানিবাসে তুলে নিয়ে আসে পাকিস্তানী মিলিটারি।

প্রসন্ন কুমার ভৌমিক
প্রসন্ন কুমার ভৌমিক

ঘড়ির কাঁটায় তখন সকাল সাড়ে ৯টা থেকে সকাল ১০টা। ২৮ মার্চ, ১৯৭১। প্রসন্ন কুমার ভৌমিক আদালতে যাওয়ার জন্য স্নান করছেন। হঠাৎ বাসায় ঢুকে একদল পাকিস্তানী মিলিটারি। বিষয়টি আঁচ করতে পেরে গোসলখানা থেকে ভেজা কাপড় নিয়েই বের হন প্রসন্ন। মিলিটারিদের সামনেই খাটে থাকা দেড় বছরের কন্যাশিশু ফাল্গুনীকে কোলে নেন তিনি।

মিলিটারিদের একজন ফাল্গুনীকে কোল থেকে নামিয়ে প্রসন্নসহ কুমিল্লার কান্দিরপাড়ের স্বপ্নপুরী বাসার স্বত্বাধিকারী যতীন্দ্রনাথ ভদ্র, তাঁর দুই ছেলে সিলেট মেডিকেল কলেজের এমবিবিএস চতুর্থ বর্ষের শিক্ষার্থী কাজল দেবনাথ ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী রতন দেবনাথকে গাড়িতে তুলে নিয়ে যান। এর পর থেকে প্রসন্নসহ তাঁদের হদিস মেলেনি।

৫১ বছর আগের সেই দিনের দুঃসহ স্মৃতির এভাবেই বর্ণনা দেন আইনজীবী প্রসন্ন কুমারের স্ত্রী রেখা ভৌমিক।

নানা ঘাত–প্রতিঘাত আর দুই কন্যাকে নিয়ে রেখা ভৌমিক এখনো বেঁচে আছেন। রেখা ভৌমিকের চাওয়া, প্রসন্ন কুমারকে শহীদ বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। তাঁর নামে কোন শিক্ষাপ্রতিষ্ঠান ও সড়কের নামকরণ করা হোক।

পারিবারিক সূত্রে জানা গেছে, কুমিল্লার বরুড়া উপজেলার তারাবাড়িয়া গ্রামের গুরুদাস ভৌমিক ও রমমালা ভৌমিকের একমাত্র ছেলে প্রসন্ন কুমার। ১৯৫৬ সালে বরুড়ার কাদবা তলাগ্রাম তরিণী চরণ লাহা উচ্চবিদ্যালয় থেকে ম্যাট্রিক, ১৯৫৮ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও ১৯৬০ সালে একই কলেজ থেকে বিএ পাস করেন তিনি। তিনি ১৯৬৪ সালে চট্রগ্রাম আইন কলেজ থেকে এলএলবি পাস করেন। ১৯৬৬ সালে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য হয়ে আইন পেশায় আসেন। ১৯৬৯ সালে আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে উনসত্তরের গণ–অভ্যূত্থানে অংশ নেন। সত্তরের নির্বাচন ও একাত্তরের ৭ মার্চের পর থেকে নানা ধরনের কর্মসূচিতে অংশ নেন তিনি।

’৭১–এ প্রসন্ন কুমার কুমিল্লার আইনজীবী যতীন্দ্রনাথ ভদ্রের কান্দিরপাড়ের স্বপ্নপুরী বাসায় ভাড়া থাকতেন। সেখান থেকেই পাকিস্তানি মিলিটারিরা তাঁকে ধরে কুমিল্লার ময়নামতি সেনানিবাসে আনেন। এর পর থেকে তাঁর আর হদিস মেলেনি। লোকমুখে পরিবারের সদস্যরা জানতে পারেন, ময়নামতি সেনানিবাসে নিয়ে তাঁকে হত্যা করা হয়। পরে সেখানে অনেকের সঙ্গে তাঁকেও মাটিতে পুঁতে ফেলা হয়। সেনানিবাসের বধ্যভূমিতে প্রসন্ন কুমার আছেন বলে পরিবারের সদস্যরা বিশ্বাস করেন।

রেখা ভৌমিক থাকেন কুমিল্লার বাদুরতলার শিশুমঙ্গল সড়কের ‘প্রসন্ন’ বাসায়। গত শনিবার তাঁর সঙ্গে সেই দুঃসহ স্মৃতি নিয়ে কথা হয়। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর ছোটবোন রমা রানী পোদ্দার।

রেখা ভৌমিক বলেন, ‘আমার বিয়ের মাত্র আড়াই বছরের সময় পাকিস্তানি মিলিটারিরা প্রসন্নকে ধরে নিয়ে যায়। এরই মধ্যে কোলজুড়ে আসে বড় মেয়ে ফাল্গুনী ভৌমিক। যুদ্ধের সময় তার বয়স ছিল দেড় বছরে। এ ছাড়া প্রসন্নকে তুলে নিয়ে যাওয়ার সময় আমার পেটে ছয় মাসের সন্তান (শ্রাবণী ভৌমিক) ছিল। প্রসন্নকে তুলে নিয়ে যাওয়ার পর এক কাপড়ে মেয়ে ফাল্গুনীকে নিয়ে বাসা তালা দিয়ে প্রতিবেশী শামসুদ্দিন সাহেবের মাধ্যমে লাকসামে বাবার বাড়ি ফিরে যাই। লাকসামেও পাকিস্তানি মিলিটারি হানা দেয়। পরে আমরা ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ক্যাম্পে যাই। ওই ক্যাম্পে জন্ম হয় শ্রাবণী ভৌমিকের। দেশ স্বাধীনের পর বাবার বাড়িতে ফিরে আসি। পরে কুমিল্লার বাদুরতলা শিশুমঙ্গল সড়কের লাগোয়া এলাকায় জায়গা কিনে বাসা করি। ওই বাসার নাম দিই প্রসন্ন।’

প্রসন্ন কুমারের নাম কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে (রানীর দিঘির পশ্চিমপাড়ে) শহীদদের স্মরণে নির্মিত স্বাধীনতা সৌধে ১৩ নম্বরে আছে। এখানে ২৮ জন শহীদের নামের তালিকা খোদাই করা আছে। কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্মিত স্মৃতিসৌধেও তাঁর নাম আছে। এ ছাড়া ১৯৯৬ সালে বাংলা একাডেমি থেকে প্রকাশিত রশীদ হায়দারের ‘স্মৃতি ১৯৭১’ বইয়ের তৃতীয় খণ্ডে প্রসন্ন কুমারের কথা রয়েছে। ১৯৯৫ সালে বাংলাদেশ টেলিভিশনে শহীদ বুদ্ধিজীবীর সন্তানের সাক্ষাত্কার শিরোনামে অনুষ্ঠান হয়। সেখানে ফাল্গুনী বাবার বীরত্ব নিয়ে কথা বলেন।

একাত্তরে পাশাপাশি বাসায় থাকতেন শহীদ ফণীন্দ্র সাহার ছেলে গণমাধ্যম ব্যক্তিত্ব নীতিশ সাহা। তিনি বলেন, ‘২৮ মার্চ প্রসন্নসহ কয়েকজনকে ধরে নিয়ে যাওয়া হয়।’

কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সফিউল আহমেদ বলেন, ‘একাত্তরের মহান মুক্তিযুদ্ধে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বহু শিক্ষার্থী অংশ নেন। প্রসন্ন তাঁদের একজন।’