ভৈরব স্বাস্থ্য কমপ্লেক্স

১০০ শয্যার ভবন আছে, কিন্তু অনুমোদন নেই 

এই অবস্থায় ভৈরবসহ আশপাশের উপজেলার মানুষের উন্নত ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়ার অপেক্ষা দীর্ঘায়িত হচ্ছে। 

কিশোরগঞ্জ জেলার মানচিত্র
কিশোরগঞ্জ জেলার মানচিত্র

কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ শয্যার অবকাঠামো নির্মাণ শেষে হস্তান্তর হয়েছে ২০২১ সালের ১৫ ফ্রেব্রুয়ারি। এরই মধ্যে প্রায় দুই বছর হতে চলল। কিন্তু এই সময়ের মধ্যে সম্প্রসারিত কার্যক্রমের অনুমোদন মেলেনি। ফলে ১০০ শয্যার ভবন হলেও কার্যক্রম চলছে ৫০ শয্যার। 

খোঁজ নিয়ে জানা গেছে, এই অবস্থায় ভৈরবসহ আশপাশের উপজেলার মানুষের উন্নত ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়ার অপেক্ষা দীর্ঘায়িত হচ্ছে। 

উপজেলার সাদেকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের বৃদ্ধ শামসু মিয়া। চোখের সমস্যা নিয়ে গত রোববার হাসপাতালে এসে জানতে পারেন, চোখের ডাক্তার নেই। তিনি দুঃখ করে বলেন, ‘বড় হাসপাতাল। হুদা (শুধু) বিল্ডিং। ডাক্তার নাই।’

প্রতিদিন সাত থেকে আট শ রোগীর পদচারণ হয় এই হাসপাতালে। সমস্যায় আছি কি না, বলার অপেক্ষা রাখে না।
ডালিয়া আফরোজ, সিনিয়র স্টাফ নার্স

হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলা পর্যায়ে জেলাটির মধ্যে ভৈরব হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য কমপ্লেক্স। প্রথমত ভৈরব নৌ ও বাণিজ্য শহর। এখানে পাঁচ হাজার পাদুকা কারখানা রয়েছে। পাদুকা কারখানায় ৫০ হাজারের বেশি শ্রমিক কাজ করেন। ভৈরবের ওপর দিয়ে গেছে ঢাকা-সিলেট মহাসড়ক ও ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক। ফলে সরকারি স্বাস্থ্যসেবা প্রত্যাশীর সংখ্যা বেশি। এ ছাড়া লাগোয়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, আশুগঞ্জ ও নরসিংদীর বেলাব, রায়পুরা উপজেলার একাংশের মানুষ স্বাস্থ্যসেবা পেতে এই হাসপাতালমুখী হন। বহির্বিভাগে প্রতিদিন রোগীর সংখ্যা গড়ে ৭০০। ভর্তি রোগীও জোগানের চেয়ে বেশি। 

এমন বাস্তবতায় হাসপাতালটিকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের জন্য ৩১ কোটি ২৯ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে অবকাঠামো নির্মাণ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ। চারতলাবিশিষ্ট ভবন হস্তানন্তর হয় ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি। এর পর থেকে সম্প্রসারিত ভবন ব্যবহার শুরু হয়। 

বুলবুল আহমেদ ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। গত রোববার তাঁর কার্যালয়ে গিয়ে কথা হয়। তিনি বলেন, উঁচু ভবন হওয়ার পর রোগী বেড়ে গেছে। কিন্তু সেবা বাড়ানোর  সুযোগ বাড়েনি। বরং কমেছে। 

বুলবুল আহমেদ জানান, ১০০ শয্যার অনুমোদন পেতে মন্ত্রণালয়ে একের পর এক চিঠি দেওয়া হচ্ছে। কিন্তু কাজ হচ্ছে না। 

১৫ জানুয়ারি দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, নতুন ভবনের সন্মুখ ভাগের দুই স্থানে বড় করে ১০০ শয্যা হাসপাতাল লেখা। ভবন নতুন হলেও ভেতর অপরিচ্ছন্ন। তবে এদিন বহির্বিভাগ থেকে চিকিৎসা নেন ৮৩০ জন। 

হাসপাতাল থেকে জানানো হয়, দিনকে দিন রোগী বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ বিপাকে আছেন। প্রচারে ১০০ শয্যা থাকায় সেবাপ্রত্যাশীদের ধারণা সব বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে। মূলত এই ভেবে সেবাপ্রত্যাশীরা গণহারে এই হাসপাতালমুখী হচ্ছেন। এই মুহূর্তে হাসপাতালটিতে ১০ জন কনসালটেন্টের বিপরীতে আছেন ৮ জন। 

এক্স-রে টেকনিশিয়ান, স্যানেটারি পরিদর্শক, ফার্মাসিস্ট, ফিজিওথেরাপিস্ট, আয়া ও স্টোরকিপার পদ শূন্য। ওয়ার্ডবয় আছেন মাত্র একজন। তা–ও তিনি এখন প্রেষণে (ডেপুটেশন)। নার্স পদ একটি, অফিস সহায়ক পদ দুটি, পরিচ্ছন্নতাকর্মী দুটি, প্রধান সহকারী একটি ও অফিস সহকারী পদে একটি পদ শূন্য রয়েছে। 

ডালিয়া আফরোজ সিনিয়র স্টাফ নার্স। ১০০ শয্যার প্রচারের বিপরীতে ৫০ শয্যার লোকবল না থাকায় নানা সমস্যায় পড়তে হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘প্রতিদিন সাত থেকে আট শ রোগীর পদচারণ হয় এই হাসপাতালে। বিপরীতে কোন পরিচ্ছন্নতাকর্মী নেই। সমস্যায় আছি কিনা, বলার অপেক্ষা রাখে না।’ 

১০০ শয্যার প্রশাসনিক অনুমোদন কত দূর জানতে চাওয়া হয় কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন সাইফুল ইসলামের কাছে। তিনি বলেন, প্রক্রিয়াটি এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। ২৬ ডিসেম্বর স্বাস্থ্য বিভাগের উপসচিব শাহাদত কবির হাসপাতালটি পরিদর্শন করেন। স্বাস্থ্যসেবা পাওয়া নিয়ে ওই দিন তিনি নানা সমস্যা চিহ্নিত করেন এবং প্রতিকারে উদ্যোগী হন। 

১০০ শয্যার অনুমোদন বিষয়ে তিনি বলেন, দ্রুত কাজটি সম্পন্ন করার চেষ্টা করবেন।