কালিহাতীতে বিএনপির সমাবেশে হামলা, আহত ১৫

টাঙ্গাইল জেলার মানচিত্র
টাঙ্গাইল জেলার মানচিত্র

টাঙ্গাইলের কালিহাতীতে রোববার বিএনপির সমাবেশে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে বিএনপির ১৫ জন নেতা–কর্মী আহত হয়েছেন। এ হামলার জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীদের দায়ী করেছে বিএনপি। দুপুরে উপজেলা সদর ও বল্লা সড়কের চারান এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

বিএনপির নেতা–কর্মীরা জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপি বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ ওরফে টিটু।

উপজেলা সদরের দলীয় কার্যালয়ের সামনে নেতা–কর্মীরা দুপুর ১২টার দিকে সমবেত হতে শুরু করেন। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা তাঁদের ওপর হামলা করেন। হামলার পর বিএনপির নেতারা প্রায় তিন কিলোমিটার দূরে বল্লা সড়কের চারান এলাকায় চলে যান। সেখানে তাঁরা সমাবেশ করেন।

সমাবেশে কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামিল ও ফরহাদ ইকবাল বক্তৃতা করেন। সমাবেশ শেষ দিকে আবার সেখানে হামলার ঘটনা ঘটে। সমাবেশে যোগ দিতে আসা নেতা–কর্মীদের ১৭টি মোটরসাইকেল, চারটি বাস ও ছয়টি পিকআপ ভাঙচুর করা হয়। এ সময় অন্তত ১৫ জন নেতা–কর্মী আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে বিএনপি নেতারা জানান।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামিল ও ফরহাদ ইকবাল অভিযোগ করেন, শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগের নেতা–কর্মীরা হামলা করেছেন। তাঁরা জেলা ও কেন্দ্রীয় নেতার ওপরও হামলার চেষ্টা করেন।