
নাশকতার পরিকল্পনার অভিযোগে জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমিরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মোলামগাড়ী বাজারের একটি বিদ্যালয় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাঁদের কাছ থেকে কয়েকটি ‘জিহাদি’ বই জব্দের কথা জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবদুস সোবহান (৬১), সোবহান আলী (৪৫) ও আবুল কালাম (৭০)। তাঁদের মধ্যে আবদুস সোবহান উদয়পুর ইউনিয়ন জামায়াতের আমির। অন্য দুজন জামায়াতের সদস্য বলে পুলিশ জানিয়েছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন প্রথম আলোকে বলেন, উদয়পুর ইউনিয়ন জামায়াতের আমির আবদুস সোবহানের নেতৃত্বে ২০-২৫ জন নেতা-কর্মী মোলামগাড়ী বাজারের একটি কিন্ডারগার্টেন স্কুলে জড়ো হন। তাঁরা সবাই মিলিত হয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অন্যরা পালিয়ে যান। এ সময় ঘটনাস্থল থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে কয়েকটি ‘জিহাদি’ বই জব্দ করা হয়েছে।
ওসি মঈনুদ্দিন আরও বলেন, এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক নজরুল ইসলাম বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার মামলা করেছেন। গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।