
ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় কুড়িগ্রামে ও নীলফামারীতে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। পৌষের শুরুতে তিন দিন ধরে জেলা দুটিতে শীত জেঁকে বসেছে। আজ শুক্রবার সারা দিন দেখা মেলেনি সূর্যের। এর নেতিবাচক প্রভাব পড়েছে জনজীবন।
বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ, শিশু ও বৃদ্ধরা। ঘন কুয়াশার কারণে নৌ চলাচলে বিঘ্নিত হচ্ছে। সড়ক, মহাসড়কে বাস, ট্রাক, পিকআপ ভ্যানগুলোকে হেডলাইন জ্বালিয়ে ঝুঁকি নিয়ে চলতে দেখা গেছে।
শুক্রবার সকালে কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তুহিন মিয়া প্রথম আলোকে বলেন, চলতি মাসের শেষের দিকে ও আগামী বছরের শুরুতে কুড়িগ্রামের কোথাও মৃদু ও কোথাও মাঝারি শৈত্যপ্রবাহ হতে পারে।
কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা নদীর পার্শ্ববর্তী গ্রামের কৃষক তাজুল ইসলাম। তীব্র শীত উপেক্ষা করে আলু খেতের পরিচর্য়া করতে হচ্ছে তাঁকে। তিনি বলেন, ‘ঠান্ডায় কাজ করা নাগে। হামরা গরীব মানুষ, শীতের কাপড় কেনার সামর্থ্য নাই।’
নাগেশ্বরী উপজেলার ঢেবঢেবী গ্রামের বাসিন্দা নুরবানু (৫০) বলেন, ‘কয় দিন থাকি খুব শীত পড়বের নাগছে। নদীর উপরে হামার বাড়ি, রাত হইলে নদীর ঠান্ডা বাতাস শিনশিন করি নাগে। গরীব মানুষ, ট্যাকা–পয়সার মঙ্গা। ছাওয়াগুলেক যে শীতের জামা কিনি দেমো তার উপেয় নাই।’
জেলা প্রশাসনের দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা শাখা জানিয়েছেন, শীতে জেলার গরিব ও দুস্থদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩৮ হাজার কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে জেলার ৯ উপজেলায় এসব কম্বল দেওয়া হয়েছে।
কুড়িগ্রাম উলিপুর উপজেলার ফকিরেরহাট ঘাট এলাকার নৌকা চালান মাঝি সিদ্দিক আলী। তিনি বলেন, ঘন কুয়াশার কারণে নদীতে দিক ঠিক রাখা যায় না। অনেক সময় দিক ভুল হয়ে নৌকা চরে গিয়ে আটকে যায়। ফকিরেরহাট ঘাট থেকে রৌমারী বলদমারা ঘাট যেতে আগে লাগত দুই ঘণ্টা। এখন একই পথ যেতে প্রায় তিন ঘণ্টা লাগছে।
শীতের তীব্রতা বাড়ায় নীলফামারী জেলার নিম্নআয়ের মানুষজন পুরাতন কাপড়ের বাজারে ভিড় করছেন। এতে করে বিক্রি বেড়েছে এসব ব্যবসাপ্রতিষ্ঠানে।
শুক্রবার বিকেলে শহরের বড় মাঠে বসা পুরাতন কাপড়ের দোকানগুলোতে স্বল্প আয়ের মানুষের ভিড়। দিনাজপুর জেলার খানশামা উপজেলার সুবর্ণখুলি গ্রামের কৃষক সুকচান ঋষি (৫৫) এসেছেন নিজের জন্য সোয়েটার কিনতে। তিনি বলেন, ‘কঠিন ঠান্ডা পইড়ছে, এইজন্য সুইটার কিনির আইসছি, কিন্তু দাম বেশি এই জন্য এলাও নিবার পারো নাই।’
তবে পুরাতন কাপড়ের ব্যবসায়ী সাকিব হাসানের (৩৫) ভাষ্য ভিন্ন। তিনি বলেন, গত বুধবার থেকে কেনা বেচা বাড়ছে, দাম আগের মতোই আছে।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশা বেশি হওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে।
তীব্র শীতের কারণে কাজ করতে বেগ পেতে হচ্ছে খেটেখাওয়া মানুষজনের। জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের দিনমজুর ইনসান আলী (৬০) বলেন, ‘এতো ঠান্ডা, কাজ করতে পারি না।’
টুপামারী ইউনিয়নের দোগাছি গ্রামের নারী কৃষি শ্রমিক মর্জিনা বেগম (৪০)। তাঁর স্বামী ঢাকায় রিকশা চালান। তিনি কৃষি শ্রমিকের কাজ করেন। মর্জিনা বেগম বলেন, ‘শীতের কারণে কোনো কাজে যেতে পারতে আছি না। কষ্টে অয়।’
সরকারিভাবে বিতরণের জন্য জেলায় ৩১ হাজার ৫০০ কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে প্রতিটি ইউনিয়নে ৪৯০টি করে কম্বল পৌঁছানো হয়েছে।