চট্টগ্রামের আনোয়ারায় একটি ভবনের সিঁড়ির রেলিং থেকে নিচে পড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মোহাম্মদ আবির। সে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা বার আউলিয়া এলাকার ইসমাইল মিয়াজী বাড়ির মোহাম্মদ দিলোয়ারের ছেলে। তবে তারা বারশত ইউনিয়নের পশ্চিমচাল এলাকায় ওই ভবনে ভাড়া থাকত।
স্থানীয় সূত্র জানায়, ভবনটি চারতলা। গতকাল রাতে ওই ভবনের চারতলার সিঁড়ির রেলিংয়ে উঠে খেলছিল আবির। ওই সময় সে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে জানান আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জাহিদুল হাসান। শিশুটির শরীরের বিভিন্ন জায়গা থেঁতলানো ছিল।
আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য জমির উদ্দিন বলেন, ভবনের সিঁড়ির রেলিংয়ে খেলার সময় শিশুটি নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।