
কুমিল্লার তিতাসে পুলিশের অভিযানে গ্রেপ্তার এক ব্যক্তিকে নিজেদের কর্মী দাবি করে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছেন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডা, হট্টগোলের পাশাপাশি পুলিশের গাড়ি আটকে দেওয়ার ঘটনা ঘটে। গতকাল শনিবার বিকেলে তিতাস থানায় এ ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ওই ব্যক্তিকে আদালতে পাঠায় পুলিশ।
গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মো. গিয়াস উদ্দিন সরকার (৫৪)। তিনি উপজেলার বলরামপুর ইউনিয়নের কালাইগোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের উপজেলা শাখার সদস্য বলে পুলিশ জানিয়েছে। তবে জামায়াতের নেতাদের দাবি, গিয়াস উদ্দিন জামায়াতের কর্মী এবং বলরামপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক।
থানা–পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা গিয়াস উদ্দিন ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় করা একটি মামলার এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার সন্ধ্যার পর উপজেলার কালাইগোবিন্দপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন শনিবার বিকেলে তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি নিলে গিয়াস উদ্দিনের স্বজন ও জামায়াতের নেতা–কর্মীরা থানায় হাজির হন। এ সময় পুলিশের সঙ্গে জামায়াতের নেতা–কর্মীদের বাগ্বিতণ্ডা ও হট্টগোল হয়। একপর্যায়ে পুলিশের গাড়ি আটকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এগিয়ে আসেন উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে গিয়াসকে নিয়ে কুমিল্লার উদ্দেশে রওনা হয়।
তিতাস উপজেলা জামায়াতের আমির শামীম সরকার প্রথম আলোকে বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার বিকেলে কালাইগোবিন্দপুরের একটি বাড়িতে তাঁদের সাংগঠনিক সভা চলছিল। ওই সভায় ছিলেন গিয়াস উদ্দিন। সভা শেষে নেতা-কর্মীরা মাগরিবের নামাজ পড়তে বের হলে গিয়াসকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। খবর পেয়ে রাতেই তাঁরা থানায় গিয়ে পুলিশকে তাঁর দলীয় পরিচয়ের বিষয়টি জানান। প্রমাণ হিসেবে কমিটির তালিকাও দেন।
এ বিষয়ে ওসি পরদিন দুপুরে তাঁদের সঙ্গে কথা বলার আশ্বাস দেন। কিন্তু তাঁদের কিছু না জানিয়েই গিয়াসকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেয় পুলিশ। থানায় হট্টগোলের বিষয়ে তিনি বলেন, ‘আমরা ইচ্ছাকৃতভাবে বাগ্বিতণ্ডা বা হট্টগোল করিনি। বিষয়টি জানতে এবং পুনরায় তদন্তের দাবি জানাতে গিয়ে তর্কবিতর্ক হয়েছে। গিয়াস উদ্দিন নিরীহ ও দরিদ্র মানুষ। তাঁর ওপর জুলুম করা হয়েছে। আমরা আমাদের ন্যায্য দাবির কথা জানিয়েছি। পরে তর্কে না জড়িয়ে স্বাভাবিকভাবে চলে এসেছি।’
নাম প্রকাশ না করার শর্তে বলরামপুর গ্রামের এক বাসিন্দা জানান, গিয়াস উদ্দিন একসময় যুবলীগ করতেন। পরে জামায়াতের রাজনীতিতে যুক্ত হন।
এ বিষয়ে তিতাস থানার ওসি মমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় তিতাস থানায় করা একটি মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তিনি নিষিদ্ধ যুবলীগের উপজেলা কমিটির সদস্য। পরে জামায়াতের নেতা–কর্মীরা তাঁকে নিজেদের কর্মী বলে দাবি করেন। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।
ছাত্রদলের নেতা–কর্মীদের বিষয়ে ওসি বলেন, উপজেলা ছাত্রদলের নেতা–কর্মীদের সঙ্গে গতকাল বিকেলে থানা–পুলিশের একটি সভা ছিল। হট্টগোল দেখে সমস্যা সমাধানের লক্ষ্যে তাঁরা সেখানে হাজির হয়েছিলেন।
এ বিষয়ে কথা বলতে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব তানভীর নূর বাবুর মুঠোফোনে একাধিকবার কল করলে তিনি কেটে দেন।