টুঙ্গিপাড়া থানা চত্বরে গাড়িতে আগুন দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর
টুঙ্গিপাড়া থানা চত্বরে গাড়িতে আগুন দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর

মাইকে ঘোষণা দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা ও আগুন দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা। আজ মঙ্গলবার সন্ধ্যার পর তাঁরা মিছিল নিয়ে প্রথমে থানা ঘেরাও করেন। পরে থানায় হামলা এবং থানা চত্বরে একাধিক গাড়িতে আগুন দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতা–কর্মীকে পুলিশ আটক করেছে, এমন খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয়। একপর্যায়ে তাঁরা টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন। পরে থানায় আগুন ধরিয়ে দেন তাঁরা।

থানায় হামলা ও আগুনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যায়, টুঙ্গিপাড়া থানা চত্বরের ভেতরে অন্তত তিনটি গাড়িতে আগুন জ্বলছে। ভাঙচুরের শব্দও শোনা যাচ্ছে। একই সঙ্গে হামলাকারীরা ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছেন। হামলাকারীদের হাতে লাটিসোঁটা দেখা যায়। কেউ কেউ মুঠোফোনে হামলা ও আগুন দেওয়ার দৃশ্য ধারণ করছিলেন।

হামলার পর টুঙ্গিপাড়া থানার চিত্র। মঙ্গলবার রাতে।

আরেকটি ভিডিওতে এইচ এম রুবেল ফরাজী নামের এক ব্যক্তিকে ফেসবুক লাইভে বলতে শোনা যায়, ‘আমরা কিছু সময়ের মধ্যে থানা জ্বালিয়ে দেব।’ লাইভে তিনি আরও বলেন, পুলিশ তাঁদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুড়েছে। তাঁরা আগুন জ্বালিয়ে সেই গ্যাস নেভানোর চেষ্টা করছেন। তাঁরা পিছু হটবেন না।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ আবু সুফিয়ান মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, টুঙ্গিপাড়া থানা দুর্বৃত্তরা ঘেরাও করে ফেলেছে, এই পর্যন্ত তাঁরা খবর পেয়েছেন। পরে কী হয়েছে, সে বিষয়ে তাঁরা খোঁজখবর নিচ্ছেন।

টুঙ্গিপাড়া থানার ভেতরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা

এরপর রাত ৯টা ১০ মিনিটের দিকে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র কামারুম মুনিরার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেছে প্রথম আলো। তিনি বলেন, টুঙ্গিপাড়া থানায় হামলা ও আগুন দেওয়া হয়েছে। সেখানে যানবাহনে আগুন দেওয়ার খবরও তাঁরা পেয়েছেন।

টুঙ্গিপাড়া উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা এসকেন্দার শেখ বলেন, টুঙ্গিপাড়া থানা, চৌরঙ্গীর মোড় ও বাঁশবাড়িয়া এলাকায় কয়েকটি বাড়িতে আগুন দেওয়ার খবর তাঁরা পেয়েছেন। তবে নিরাপত্তার অভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যেতে পারছেন না। পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নিরাপত্তা দেওয়া হলে তাঁরা ঘটনাস্থলে যেতে পারবেন।

টুঙ্গিপাড়া থানার ভেতরে দুটি গাড়িতে আগুন জ্বলছে

মহড়া, ভাঙ্চুর ও অগ্নিসংযোগ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা গত ১৫ নভেম্বর গোপালগঞ্জ শহরে বিক্ষোভ করেন। সেদিন ভাঙচুর ও অগ্নিসংযোগের একাধিক ঘটনা ঘটে। মহড়ার সময় কার্যক্রম নিষিদ্ধ দলটির অনেকের হাতে লগি-বইঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ দেশি অস্ত্র ছিল।

গোপালগঞ্জে রামদা ও চাইনিজ কুড়াল হাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের মহড়া। রোববার দুপুরে

১৫ নভেম্বর মহড়া দেওয়ার সময় পুলিশের একটি সাঁজোয়া যান ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন নিষিদ্ধ দলটির নেতা–কর্মীরা।

ওই দিন সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাড়ি, দোকানপাট ও উপজেলা যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই রাতে টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়েও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

সর্বশেষ গতকাল সোমবার বেলা ১১টার দিকে মিছিল নিয়ে তালা ভেঙে টুঙ্গিপাড়ায় দলীয় কার্যালয়ে সভা করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা।