
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গৃহবধূ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক স্বামী মো. মহিন উদ্দিনকে (৪৪) বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গতকাল শুক্রবার রাত আটটার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মহিনকে গ্রেপ্তার করে পুলিশ।
মহিন উদ্দিন বেগমগঞ্জ উপজেলার পূর্ব অনন্তপুর গ্রামের কাজীবাড়ির গোলাপ রহমান ওরফে চৌধুরী মিয়ার ছেলে। ২০০৫ সালের ২ সেপ্টেম্বর বেগমগঞ্জ উপজেলার গাওয়া এলাকার একটি ডোবা থেকে মহিন উদ্দিনের স্ত্রী ফাতেমা আক্তারের লাশ উদ্ধার করা হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে মহিন ও ফাতেমার মধ্যে পারিবারিক কলহ চলছিল। ২০০৫ সালের ৩১ আগস্ট রাতে জেলা শহর মাইজদীর মাস্টারপাড়ার ভাড়া বাসায় নেওয়ার কথা বলে বেগমগঞ্জ উপজেলার অনন্তপুর গ্রামের শ্বশুরবাড়ি থেকে ফাতেমাকে নিয়ে আসেন মহিন। ওই দিন রাত সাড়ে আটটার দিকে মহিন উদ্দিন বেগমগঞ্জ উপজেলার গাওয়া এলাকায় ফাতেমাকে হত্যা করে লাশ স্থানীয় একটি মসজিদের পাশের ডোবায় ফেলে দেন। এদিকে দুই দিন ধরে মেয়ের কোনো খোঁজখবর না পেয়ে ফাতেমার বাবা ইব্রাহিম মিয়াসহ পরিবারের সদস্যরা খোঁজ করতে থাকেন। পরে ২ সেপ্টেম্বর মসজিদসংলগ্ন ডোবায় ফাতেমার লাশ পাওয়া যায়।
এ ঘটনায় ফাতেমার বাবা বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মহিন উদ্দিনসহ ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ ১০ জনের নামে একই বছর আদালতে অভিযোগপত্র দেয়। সাক্ষ্যপ্রমাণ ও শুনানি শেষে আদালত মহিন উদ্দিনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এ ছাড়া অন্য আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মামলার রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি মহিন উদ্দিন পলাতক ছিলেন। গতকাল রাতে গোপনে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আজ শনিবার দুপুরে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত মহিন উদ্দিনকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।