
পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা ও যশোর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। গোপালগঞ্জে গাছ ফেলে মহাসড়ক অবরোধ এবং নিরাপত্তাহীনতার কারণে গতকাল বুধবার দুপুর থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত ঢাকাগামী বাস ছেড়ে যায়নি বলে জানিয়েছেন পরিবহনের মালিক ও শ্রমিকেরা।
এদিকে বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিকল্প পথে কিছু বাস চলাচল করছে। তবে এতে সময় ও খরচ দুটিই বেড়েছে। অবশ্য আন্তজেলা ও অভ্যন্তরীন রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে বলে পরিবহনের মালিক ও শ্রমিকেরা জানিয়েছেন।
গতকাল বুধবার দুপুর থেকে খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহনমালিকেরা। আজ বৃহস্পতিবার দিনভর পদ্মা সেতু হয়ে খুলনা থেকে ঢাকাগামী কোনো বাস চলাচল করেনি। অধিকাংশ বাস কাউন্টারও বন্ধ।
নিরাপত্তাহীনতার কারণে পদ্মা সেতু হয়ে বাস না চালানোর কথা জানিয়েছেন পরিবহনের মালিক ও শ্রমিকেরা। তবে বিকল্প পথে পাটুরিয়া-আরিচা হয়ে কিছু বাস চলাচল করছে।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বুধবার থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
এদিকে খুলনা থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রাখতে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক হুরে জান্নাত, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান ও নগর বিএনপির সভাপতি শফিকুল আলম, জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান, খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলামসহ পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে বাস চলাচল বন্ধ না রেখে বিকল্প পথে চালানোর জন্য মালিকপক্ষকে অনুরোধ করা হয়। এ বিষয়ে খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ হোসেন বলেন, ‘গোপালগঞ্জ হয়ে ঢাকা যাওয়াটা এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ। জানমালের নিরাপত্তা নেই। পুলিশের পক্ষ থেকেও প্রটোকল দেওয়া সম্ভব নয়। তাই সিদ্ধান্ত হয়েছে, খুলনা থেকে যশোর, মাগুরা, ফরিদপুর ও রাজবাড়ী হয়ে পাটুরিয়া-আরিচা ঘাট পার হয়ে মানিকগঞ্জ দিয়ে ঢাকায় বাস যাবে।’
জাহিদ হোসেন আরও বলেন, মালিকপক্ষ বৃহস্পতিবার দুপুরের পর থেকে বিকল্প পথে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে ওই পথে চলাচলের রুট পারমিট তাঁদের নেই। এ কারণে সাময়িকভাবে বাস চালানোর ক্ষেত্রে রুট পারমিট–সংক্রান্ত আইনি জটিলতা এড়াতে জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’-এর সোনাডাঙ্গা কাউন্টারের ব্যবস্থাপক আবদুল কাদের প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবারও খুলনা থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকাগামী কোনো বাস ছেড়ে যায়নি। তবে আরিচা হয়ে কিছু বাস যাচ্ছে। টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস বৃহস্পতিবার বিকেলে আরিচা হয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।
পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা থেকেও ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। গত বুধবার দুপুর থেকে আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশে কোনো বাস ছাড়েনি। তবে যশোর হয়ে আরিচা ফেরিঘাট দিয়ে বিকল্প পথে কিছু বাস চলাচল করছে।
বৃহস্পতিবার সকাল থেকে সাতক্ষীরায় বৃষ্টি হচ্ছে। দুপুরে শহরের সংগীতা মোড় ও পাটকেলঘাটা এলাকার পরিবহন কাউন্টারগুলোতে গিয়ে দেখা যায়, ঢাকাগামী যাত্রীদের তেমন চাপ নেই। দু–একটি বাস বিকল্প পথে ঢাকায় যাওয়ার জন্য যাত্রী তুলছে।
সাতক্ষীরা লাইন পরিবহনের দায়িত্বে থাকা ফরহাদ হোসেন বলেন, ‘গতকাল (বুধবার) আমরা গোপালগঞ্জের ভাটিয়াপাড়া পর্যন্ত গিয়েছিলাম। সেখানে দু-তিনটি গাছ ফেলে সড়কে আগুন ধরিয়ে দেওয়া হয়। আবার নড়াইলের কালনা সেতুর পরে একটি স্থানে সড়কে আগুন দেওয়ার খবর পাই। তখন দুই পথ দিয়েই বাস চলাচল করা সম্ভব হয়নি। আজ (বৃহস্পতিবার) আমরা যশোর হয়ে ঢাকায় যাওয়ার জন্য যাত্রী তুলছি।’
পরিবহন–সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, যানবাহনের ক্ষয়ক্ষতি এড়ানো এবং চালক ও শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে পদ্মা সেতু হয়ে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। বিকল্প পথে যশোর হয়ে আরিচা ফেরিঘাট দিয়ে যাতায়াতে সময় বেশি লাগছে।
বাস চলাচল বন্ধ থাকায় জরুরি প্রয়োজনে ঢাকাগামী যাত্রীরা পড়েছেন বিপাকে। ঢাকায় একটি জরুরি সভায় যোগ দেওয়ার কথা ছিল একটি বেসরকারি সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক আসাদুল ইসলামের। বৃহস্পতিবার দুপুরে সংগীতা মোড়ের কাউন্টারে টিকিট নিতে এসে বাস না পেয়ে বিপাকে পড়েন তিনি। আসাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিকল্প পথে ফেরি পার হয়ে গেলে অনেক দেরি হয়ে যাবে। এখন কীভাবে পৌঁছাব, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।’
ঢাকা থেকে সাতক্ষীরায় ফেরার পথে গোপালগঞ্জে হয়রানির মুখে পড়ার অভিজ্ঞতা জানিয়েছেন আরেক যাত্রী মো. আবদুল্লাহ। তিনি বলেন, ‘বাসে উঠে যাত্রীদের রাজনৈতিক স্লোগান দিতে বাধ্য করা হয়। ভিডিও করতেও নিষেধ করা হয়। যাত্রীদের মুঠোফোন নিয়ে দেখা হয়, তাঁরা কোন রাজনৈতিক দলের কি না। সাধারণ মানুষকে এ ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। আমরা সংঘাত চাই না, নিরাপত্তা চাই।’
হামদান পরিবহনের পরিচালক রাজিব বিশ্বাস বলেন, ‘সকাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। পরিস্থিতির উন্নতি হলে আবার বাস চলাচল শুরু হবে।’
সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতক্ষীরা সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী বলেন, সাতক্ষীরা থেকে বাস চলাচলে নিরাপত্তার কোনো সমস্যা নেই। তবে ঢাকায় যাওয়ার পথে কয়েকটি স্থানে নিরাপত্তাঝুঁকি থাকায় পদ্মা সেতু হয়ে বাস চলাচল বন্ধ রেখেছেন বাসমালিকেরা।
পদ্মা সেতু হয়ে বাগেরহাট থেকেও ঢাকা, চট্টগ্রামসহ দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। গোপালগঞ্জ হয়ে যেতে হয়, এমন কোনো বাস আজ বৃহস্পতিবার বাগেরহাট থেকে ছেড়ে যায়নি। হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। তবে বাগেরহাট থেকে খুলনা, পিরোজপুর, শরণখোলাসহ আন্তজেলা ও অভ্যন্তরীণ রুটে বাস স্বাভাবিক রয়েছে।
কাউন্টারগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বুধবার বেলা ১১টার পর থেকে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকা ও চট্টগ্রামগামী কোনো বাস ছাড়েনি। বুধবার থেকেই বৃহস্পতিবারের জন্য টিকিট বিক্রি ও বুকিং বন্ধ রাখা হয়।
ঢাকাগামী দোলা পরিবহনের কাউন্টার মাস্টার মোস্তাকিম বিল্লাহ প্রথম আলোকে বলেন, বুধবার সাড়ে ১১টার দিকে বাগেরহাট থেকে ছেড়ে যাওয়া একটি বাস যাত্রী নিয়ে গোপালগঞ্জ পর্যন্ত গিয়ে আবার ফিরে আসে। ঢাকায় যেতে পারেনি। এর পর থেকে বৃহস্পতিবার সারা দিনেও বাগেরহাটের স্ট্যান্ড থেকে ঢাকা বা চট্টগ্রামের উদ্দেশে কোনো গাড়ি ছেড়ে যায়নি।
মোস্তাকিম বিল্লাহ বলেন, অনেক যাত্রী আসছেন। বাস না চলায় তাঁরা ফিরে যাচ্ছেন। যাত্রীদের তো অসুবিধা হচ্ছে। পথে নিরাপত্তা না থাকায় গাড়ি বন্ধ রাখা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালে ঢাকায় যাওয়ার জন্য এসেছিলেন শহিদুল ইসলাম ও তাঁর স্ত্রী সেলিনা বেগম। চিকিৎসার জন্য ঢাকায় যেতে বিভিন্ন কাউন্টারে ঘুরে টিকিট না পেয়ে প্রায় এক ঘণ্টা পর সোনাতলা এলাকার বাড়িতে ফিরে যেতে হয় তাঁদের।
শহিদুল ইসলাম বলেন, ‘কাউন্টারে কাউন্টারে ঘুরে যা বুঝলাম, কোনো অবস্থায় ঢাকা যাওয়া যাবে না। কিন্তু ডাক্তার দেখাতে সিরিয়াল দেওয়া ছিল। আমার স্ত্রী দীর্ঘ দিন ধরে অসুস্থ। অনেক দিন পরে ডাক্তারের সিরিয়াল পাইছিলাম। যেতে পারলাম না।’
বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ফকির বলেন, দূরপাল্লার বাস বন্ধ থাকলেও খুলনা-বাগেরহাট, বাগেরহাট-পিরোজপুর, বাগেরহাট-শরণখোলাসহ স্থানীয় রুটগুলোয় বাস স্বাভাবিকভাবে চলছে। তিনি আরও বলেন, দূরপাল্লার বাসগুলোর মালিকানা ও পরিচালনা পদ্ধতি আলাদা। এসব পরিবহন চালু বা বন্ধ রাখার সিদ্ধান্ত তারা এককভাবেই নেয়।
যশোর ও বেনাপোল থেকেও ঢাকাগামী যাত্রীবাহী বাস পদ্মা সেতু হয়ে চলাচল করছে না। সব বাস পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট ঘুরে ঢাকায় যাচ্ছে। গতকাল বুধবার বিকেল থেকে বাসগুলো এই রুটে চলাচল শুরু করে।
অতিরিক্ত পথ ঘুরে যাত্রীবাহী বাস চলাচল করায় পরিবহনের খরচ ও সময় দুটিই বাড়ছে। এতে যাত্রীদের ভোগান্তিও বেড়েছে।
ঈগল পরিবহনের স্বত্বাধিকারী পবিত্র কাপুরিয়া প্রথম আলোকে বলেন, গোপালগঞ্জে জ্বালাও-পোড়াও পরিস্থিতির কারণে তাঁরা বাধ্য হয়ে যশোর-নড়াইল মহাসড়ক দিয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছেন। গতকাল বুধবার বিকেল থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট ঘুরে বাস চলছে।
পবিত্র কাপুরিয়া জানান, প্রতিদিন বেনাপোল, সাতক্ষীরা ও যশোর অঞ্চল থেকে ঢাকায় ২০০ থেকে ২৫০টি বাস ট্রিপ চলাচল করে। তবে যশোর থেকে নড়াইলের কালনাঘাট পর্যন্ত স্বল্প দূরত্বের যাত্রীবাহী পরিবহন চলাচল করছে।
থানা, সংসদ সদস্যদের বাড়িতে আগুন এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়ার মধ্যে গোপালগঞ্জে ট্রেন চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি গোপালগঞ্জ হয়ে খুলনামুখী ট্রেনের চলাচলও বন্ধ রাখা হয়েছে। বন্ধ রাখা ট্রেনের মধ্যে আন্তনগর, কমিউটার ও লোকাল ট্রেন রয়েছে। সব মিলিয়ে চারটি ট্রেন বন্ধ। এসব ট্রেন দিনে একাধিকবার যাওয়া-আসা করত।
নাম প্রকাশ না করার শর্তে রেলের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ট্রেনগুলোর চলাচল বন্ধ রাখার বিষয়ে গোপালগঞ্জের বিভিন্ন স্টেশনের কর্মকর্তারাও অনুরোধ করেছেন। স্টেশনে এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন হুমকি দিচ্ছেন। এ ছাড়া ট্রেন ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ট্রেনগুলো চালু হবে।