
খুলনায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার বেলা দুইটার দিকে নগরের নিউমার্কেটের সামনের আপার যশোর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. আশিকুর রহমান (৪৫)। তাঁর বাড়ি আড়ংঘাট থানা এলাকার বকুলতলা গ্রামে। খুলনা সরকারি ব্রজলাল (বিএল) কলেজ গেটের সামনে আশিকুরের একটি বইয়ের দোকান আছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএল কলেজের একটি বাস শিক্ষার্থীদের নিয়ে খুলনা সদরের দিকে যাচ্ছিল। এদিকে আশিকুরও মোটরসাইকেল চালিয়ে সদরের দিকে যাচ্ছিলেন। আশিকুর নগরের নিউমার্কেটের সামনে পৌঁছালে বাসটি পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি সড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় বাসের পেছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আশিকুরের মৃত্যু হয়।
খুলনা সদর থানার পরিদর্শক (তদন্ত) নিমাই চন্দ্র কুন্ডু প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। মৃত ব্যক্তির মোটরসাইকেলটি খুলনা থানার হেফাজতে নেওয়া হয়েছে।
এদিকে আজ সকালে সোনাডাঙ্গা এলাকায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম মনির হোসেন (৪০)। তাঁর বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলায়।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, লাশটি উদ্ধারের পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় আজ বিকেল পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি।