ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। আজ সকালে তোলা
ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। আজ সকালে তোলা

লক্ষ্মীপুর-৩

ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে: এ্যানি

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী ও দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারেনি। তাই অনেক দিন পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

আজ সকাল সাড়ে সাতটার দিকে ভোট দেওয়ার পর এ্যানি সাংবাদিকদের এ কথাগুলো বলেন। পৌরসভার লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। ভোট দিয়ে বিএনপি প্রার্থী এ্যানি বলেন, ‘দীর্ঘ অপেক্ষার পর সুন্দর পরিবেশ পেয়েছি। সুন্দর পরিবেশে দেশবাসী ভোটাধিকার প্রয়োগ করছে। আমার বিশ্বাস, ভোটে শান্তিপূর্ণ পরিবেশ-পরিস্থিতি অব্যাহত থাকবে।’

বিএনপি নেতা এ্যানি বলেন, ‘এ শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে আমরা যেন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারি, পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে পারি; যার মাধ্যমে লক্ষ্মীপুরবাসী ঐক্যবদ্ধ থাকবে। আগামী দিনে আমাদের উন্নয়নের অব্যাহত ধারা বজায় রাখবে।’

লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও জামায়াত প্রার্থী রেজাউল করিমসহ ৬ জন প্রার্থী রয়েছেন। জেলায় এবার ভোটার ১৬ লাখ ৫ হাজার ১২১ জন। কেন্দ্রের ৪৯৬টি।