নাটোরে হত্যা মামলার আসামি উপজেলা চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবি

হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। শনিবার দুপুরে নাটোর শহরের কানাইখালি পুরাতন বাসস্ট্যান্ড এলাকায়
ছবি: প্রথম আলো

নাটোরে ছাত্রলীগ নেতা জামিউল আলীম হত্যা মামলার প্রধান আসামি নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামানসহ অন্যদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ শনিবার দুপুরে নাটোর শহরের কানাইখালি পুরাতন বাসস্ট্যান্ডে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

কর্মসূচিতে নলডাঙ্গা ও নাটোর সদর আওয়ামী লীগের নেতা-কর্মীরা অংশ নেন। নিহত জামিউলের বাবা ফরহাদ শাহ, মা জাহানারা বেগম, স্ত্রী রুপা খাতুন ও চার মাসের শিশুসন্তান রুপম আজীম মানববন্ধনে উপস্থিত ছিলেন। মানববন্ধনের শেষ মুহূর্তে যোগ দেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম।

সংসদ সদস্য শফিকুল ইসলাম বলেন, অভিযুক্ত আসাদুজ্জামান আওয়ামী লীগের রাজনীতি করতেন না। একটি বিশেষ মহলের আনুকূল্যে তিনি নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। সম্প্রতি আওয়ামী লীগের একটি অংশ তাঁকে উপজেলা আওয়ামী লীগের সদস্য করে। যদিও খুনের ঘটনার পর তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অথচ জামিউল ও তাঁর পরিবারের সদস্যরা বংশানুক্রমে আওয়ামী লীগ করেন। তিনি আরও বলেন, ‘ঘটনার ১২ দিন অতিবাহিত হলেও প্রধান আসামি আসাদকে পুলিশ গ্রেপ্তার করেনি। দল ক্ষমতায় থাকতেও যদি ছাত্রলীগ নেতা হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করা সম্ভব না হয়, তাহলে তাঁর বাবা–মাকে আমরা কী জবাব দেব।’

মসজিদের মাইক চুরির ঘটনায় সালিসকে কেন্দ্র করে গত ১৯ সেপ্টেম্বর রাতে নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ও তাঁর ভাইদের পিটুনিতে উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক জামিউল আলীম ও তাঁর বাবা ফরহাদ শাহ গুরুতর আহত হন। ওই দিনই তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চার দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকার পর ২৪ সেপ্টেম্বর জামিউলের মৃত্যু হয়। এ ঘটনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামানসহ আটজনের নামে মামলা করেন নিহত জামিউলের মা জাহানারা বেগম।

মানববন্ধন ও সমাবেশে জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এহিয়া চৌধুরী বলেন, শুধু আসাদকে গ্রেপ্তার করলেই হবে না। তাঁর আশ্রয়দাতাদেরও গ্রেপ্তার করতে হবে। খুনিরা তাঁদের হেফাজতেই রয়েছেন।

নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম ফিরোজ বলেন, খুনিরা যেন বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য প্রশাসনকে সতর্ক থাকতে হবে। অবিলম্বে তাঁদের গ্রেপ্তার করতে হবে। তা না হলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আন্দোলনে নামবেন।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল আলীম সর্দার, আবদুল্লাহ আল সাকিব, জেলা যুব লীগের সাবেক সভাপতি মোস্তারুল আলম প্রমুখ।