আনোয়ার হোসেন
আনোয়ার হোসেন

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ

নতুন চাকরিতে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে আনোয়ার নিহত

নতুন চাকরিতে যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন আনোয়ার হোসেন (৩০)। নাটোরের বড়াইগ্রামে আজ মঙ্গলবার ভোরে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন।

নিহত আনোয়ার হোসেন রাজশাহীর বাগমারার শ্রীপুর ইউনিয়নের চাঁইপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর লাশের অপেক্ষায় আছেন স্বজনেরা। বাড়ির পাশের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

আজ ভোর পাঁচটার দিকে বড়াইগ্রামের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে অন্তত ১৩ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।

সড়ক দুর্ঘটনায় নিহত আনোয়ারের বাড়িতে স্বজনদের ভিড়। আজ মঙ্গলবার সকালে রাজশাহীর বাগমারার চাঁইপাড়া গ্রামে

নাটোর ফায়ার সার্ভিস ও বড়াইগ্রাম থানা সূত্রে জানা গেছে, আরপি পরিবহনের বাসটি বরিশাল থেকে চাঁপাইনবাবগঞ্জে আসছিল। বিপরীত দিক থেকে আসছিল একটি ট্রাক। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে দুটি যানের মুখোমুখি সংঘর্ষ হয়। হতাহতদের উদ্ধার করে নাটোর, রাজশাহীসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

আজ সকালে চাঁইপাড়া গ্রামে আনোয়ারের বাড়িতে গিয়ে দেখা যায়, শোকের মাতম। পরিবারের সদস্যদের ঘুম ভেঙেছে দুঃসংবাদে। একই উপজেলার কনোপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে ছিলেন আনোয়ারের স্ত্রী ফাতেমা বিবি। সেখান থেকেই স্বজনেরা মৃত্যুর খবর পান। খবর পেয়ে প্রতিবেশীরা সান্ত্বনা দিতে বাড়িতে ভিড় করেন।

সকাল নয়টার দিকে বাড়িতে গিয়ে ফাতেমাকে পাওয়া যায়নি। সকাল ১০টার দিকে তিনি দুই সন্তানকে নিয়ে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসেন। বারবার জ্ঞান হারাচ্ছিলেন তিনি, কথা বলতে পারছিলেন না।

খবর পেয়ে আনোয়ারের চাচা আকতার হোসেন মরদেহ আনতে সকালে নাটোরে পৌঁছান। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ‘লাশ লিবার আলছি, এখনো পাইনি।’

আনোয়ারের মরদেহ দাফনের প্রস্তুতি চলছে। আজ মঙ্গলবার সকালে রাজশাহীর বাগমারার চাঁইপাড়া গ্রামে

নতুন চাকরির আনন্দ শেষ হলো পথেই

আনোয়ারের ভাতিজা মিজানুর রহমান জানান, আনোয়ার ঢাকায় থাকতেন এবং একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। কিছুদিন আগে একটি প্রকল্পে নতুন চাকরি পান। সেখানে যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। নাটোর-রাজশাহী মহাসড়কের পুঠিয়ায় বাস থেকে নামার কথা ছিল। সেখান থেকে বাড়িতে পৌঁছাবেন বলে মুঠোফোনে পরিবারকে জানিয়েছিলেন।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় আনোয়ারের মৃত্যুর খবর পাওয়ার পর তাঁর পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের জন্য থানা–পুলিশ বনপাড়া হাইওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে।