
চাঁদপুরের হাইমচরে কাভার্ডভ্যানের চাপায় মো. রাকিব (১০) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার কালাচকিদার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
রাকিব উপজেলার ৩ নম্বর আলগী দক্ষিণ ইউনিয়নের চরভাঙ্গা গ্রামের রুবেল পাটোয়ারীর ছেলে। সে হাইমচর চরশোলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, বিকেলে হাইমচর উপজেলার কালাচকিদার মোড়ে বাংলাদেশ ট্রান্সপোর্ট এজেন্সির একটি কাভার্ডভ্যান শিশু রাকিবকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় স্থানীয় লোকজন কাভার্ডভ্যান ও এর চালক ওমর ফারুককে (৪৫) আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।