কুমারখালীর ছেঁউড়িয়ায় ফকির লালন শাহের আখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার সকাল থেকে সেখানে পুলিশ সদস্যদের দেখা যায়
কুমারখালীর ছেঁউড়িয়ায় ফকির লালন শাহের আখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার সকাল থেকে সেখানে পুলিশ সদস্যদের দেখা যায়

কুষ্টিয়ায় লালনের আখড়াবাড়িতে পুলিশ মোতায়েন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় অবস্থিত ফকির লালন শাহের আখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। কুষ্টিয়া জেলা ও কুমারখালী থানা–পুলিশের সদস্যদের নিয়ে একটি দল সেখানে নিরাপত্তায় কাজ করছে।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ প্রথম আলোকে বলেন, সতর্কতার অংশ হিসেবে আখড়াবাড়িতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ২৪ ঘণ্টা সেখানে পুলিশ সদস্যরা থাকবেন। তবে কোনো হুমকি বা হামলার আশঙ্কা নেই বলেও তিনি উল্লেখ করেন।

আখড়াবাড়ি সংলগ্ন–বাড়ির বাসিন্দা এস এম রাশেদ প্রথম আলোকে বলেন, সকাল থেকে কয়েকজন পুলিশ সদস্যকে আখড়াবাড়ির মূল ফটকের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আখড়াবাড়ির ভেতর ও বাইরেও পুলিশের টহল রয়েছে।

জানতে চাইলে লালন একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন প্রথম আলোকে বলেন, ‘এটা রুটিন ওয়ার্ক। এ ছাড়া তেমন কিছু না।’
আগামী ১ কার্তিক (১৭ অক্টোবর) লালন শাহের তিরোধান দিবস। এ উপলক্ষে এবার সরকার ‘ক’ শ্রেণিভুক্ত হিসেবে জাতীয়ভাবে দিবসটি পালনের সিদ্ধান্ত নিয়েছে।