মুখোমুখি সংঘর্ষে চালবাহী ট্রাকটি খাদে পড়ে যায় এবং লবণবাহী ট্রাকটি উল্টে যায়। আজ সকাল সাতটায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতিতে
মুখোমুখি সংঘর্ষে চালবাহী ট্রাকটি খাদে পড়ে যায় এবং লবণবাহী ট্রাকটি উল্টে যায়। আজ সকাল সাতটায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতিতে

লোহাগাড়ায় দুই ঘণ্টায় তিনটি সড়ক দুর্ঘটনা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলা অংশে দুই ঘণ্টার ব্যবধানে তিনটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল ৭টা থেকে ৯টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। তিনটি দুর্ঘটনাই সংঘটিত হয়েছে উপজেলার চুনতি ইউনিয়ন এলাকার ২ কিলোমিটার মহাসড়কে।

ফায়ার সার্ভিস সূত্র জানা গেছে, সকাল ৭টার দিকে চুনতি শাহ সাহেব গেট এলাকায় চট্টগ্রামমুখী একটি লবণবাহী ট্রাক ও কক্সবাজারমুখী একটি চালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালবোঝাই ট্রাকটি মহাসড়কের পশ্চিমে খাদে পড়ে যায়। লবণবাহী ট্রাকটিও উল্টে যায় মহাসড়কে। এ দুর্ঘটনায় দুই ট্রাকের চালক গুরুতর আহত হন। তাঁরা হলেন বগুড়া জেলার শাহজাহানপুর এলাকার বাসিন্দা মো. নয়ন (৩৫) এবং চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বাসিন্দা মো. শাকিল (২০)। ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

সকাল আটটার দিকে চুনতির জাঙ্গালিয়া এলাকায় মহাসড়কে একটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সকাল সাড়ে আটটার দিকে একই এলাকায় কক্সবাজারমুখী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পূর্ব পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। তবে এই দুটি ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা প্রথম আলোকে বলেন, দুই লেনের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ছুটির দিনে যানবাহনের অতিরিক্ত চাপ থাকে। কুয়াশাচ্ছন্ন পিচ্ছিল মহাসড়কে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা ঘটছে।