গাজীপুরের কাপাসিয়ায় ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে আলামত। কাপাসিয়া সদর ইউনিয়নের সূর্যনারায়ণপুর এলাকায়
গাজীপুরের কাপাসিয়ায় ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে আলামত। কাপাসিয়া সদর ইউনিয়নের সূর্যনারায়ণপুর এলাকায়

কাপাসিয়ায় গভীর রাতে যুবদল নেতার বাড়িতে পেট্রলবোমা হামলা, ‘বড় দুর্ঘটনা’ থেকে রক্ষা

গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলমের (বুলু) বাড়িতে পেট্রলবোমা হামলা হয়েছে। দুটি বোমার মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। তবে এতে কেউ হতাহত হননি। গতকাল মঙ্গলবার রাত দুইটায় সদর ইউনিয়নের সূর্যনারায়ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে গতকাল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। পরে আজ বুধবার সকালে বিএনপির নেতা-কর্মীরাও ওই বাড়িতে যান।

ফরিদুল আলম বলেন, তাঁর বাড়ি লক্ষ্য করে অজ্ঞাত দুর্বৃত্তরা দুটি পেট্রলবোমা নিক্ষেপ করে। ঘটনার সময় ঘরের জানালা খোলা ছিল। একটি বোমা বিস্ফোরিত হয়ে আগুন ঘরের জানালা দিয়ে ভেতরে চলে আসে। একই সময় বারান্দায় থাকা ত্রিপলে আগুন ধরে যায়। অপর বোমাটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। আশপাশের লোকজনের সহযোগিতায় তাঁরা আগুন নিভিয়ে ফেলেন। বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন।

ফরিদুল আলম আরও বলেন, ব্যক্তিগতভাবে এলাকায় তাঁর কোনো শত্রু নেই। কারা, কোন উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি বুঝতে পারছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

আজ সকালে নেতা-কর্মীদের নিয়ে ওই বাড়িতে যান কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্যসচিব আজিজুর রহমান। পরে তিনি বলেন, ‘এটি পরিকল্পিত হামলা হতে পারে। এর আগেও উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শারমিন সুলতানার বসতবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ধরনের হামলার ঘটনা সঠিক তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

কাপাসিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. যুবায়ের বলেন, খবর পেয়ে গতকাল রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় কেউ হতাহত হননি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।