ঘন কুয়াশার কারণে আজ ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল
ঘন কুয়াশার কারণে আজ ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে আজও ৪ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল

ঘন কুয়াশার কারণে আজ বৃহস্পতিবারও রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরিসহ অন্যান্য নৌযান চলাচল বন্ধ ছিল। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ জানিয়েছে, আজ ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৪ ঘণ্টা ফেরি বন্ধ ছিল।

দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে বেশ কিছু যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে পড়ে। এর আগে গতকাল বুধবারও ভোররাত চারটা থেকে সকাল আটটা পর্যন্ত এই নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। এ নিয়ে দুই দিনে আট ঘণ্টার বেশি সময় ফেরি চলাচল বন্ধ ছিল।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতের মতো গতকাল বুধবার রাতেও নদীপথে কুয়াশা পড়তে থাকে। তবে ভোররাতের দিকে কুয়াশা ঘন হতে শুরু করে। এতে ফেরি মাস্টারদের সামনের পথ দেখতে সমস্যা হচ্ছিল। দুর্ঘটনা এড়াতে তাই ভোর পাঁচটার পর উভয় ঘাট থেকে কোনো ফেরি ছাড়েনি। কুয়াশা কমতে শুরু করলে সকাল ৯টার দিকে পাটুরিয়া থেকে প্রথম ফেরি এবং সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া প্রান্ত থেকে যানবাহনবোঝাই ফেরি ছাড়ে।

দৌলতদিয়া ফেরিঘাটসংলগ্ন এলাকার বাসিন্দা সোহেল রানা বলেন, ওই এলাকায় মঙ্গলবার রাতের মতো বুধবার রাতেও ঘন কুয়াশা পড়েছে। ভারী কুয়াশার কারণে সড়কপথে যানবাহনগুলোতে হেডলাইট জ্বালিয়েও চলাচলে সমস্যা হচ্ছিল। নদীপথে ফেরিতেও একই ধরনের সমস্যা দেখা দেয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, মঙ্গলবার রাতের মতো বুধবার রাতেও ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হয়েছে। সারা রাত সতর্কতার সঙ্গে চললেও আজ ভোর সাড়ে পাঁচটার দিকে দৌলতদিয়া প্রান্ত থেকে ফেরি ছাড়া বন্ধ করে দিতে হয়। পাটুরিয়া ঘাট থেকে তার আগেই ফেরি ছাড়া বন্ধ করে দেয়। কুয়াশা কমতে থাকলে সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া থেকে ফেরি ছাড়ে।