
চট্টগ্রামের ফটিকছড়িতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের পেছনের আসনে থাকা এক কিশোর আরোহী আহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ফটিকছড়ি-রামগড় সড়কের নারায়ণহাট ইউনিয়নের ভাঙ্গা পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম মোহাম্মদ ওসমান (২০)। আহত কিশোরের নাম মুহাম্মদ সাকিব (১৭)। দুজনেই ফটিকছড়ি উপজেলার ভুজপুর ইউনিয়নের কৈইয়াপাড়া গ্রামের বাসিন্দা। করোনার সময় দুজনেই পড়ালেখা ছেড়ে দিয়ে রোজগারে যুক্ত হয়ে পড়েন।
আহত অপরজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্বজনেরা বলেন, ওসমান সাকিবকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি থেকে ফটিকছড়ি সদরের দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে ফটিকছড়ি-রামগড় সড়কের ভাঙ্গা পুল এলাকায় যাত্রীবাহী বাস উল্টো লেনে এসে তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ওসমানকে মৃত ঘোষণা করেন। আর সাকিবের অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ সেখানে যায়। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক-সহকারী পালিয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।