
যশোরের শার্শা উপজেলায় একটি প্রাইভেট কারের গ্লাভস কম্পার্টমেন্টের এসি ফিল্টার বাক্সের ভেতরে লুকিয়ে রাখা সোনার ৩৫টি বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার দুপুরে উপজেলার রুদ্রপুর এলাকা থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।
বিজিবির সদস্যরা জানান, উদ্ধার করা সোনার পরিমাণ ৪ কেজি ৮৯ গ্রাম, যার বাজারমূল্য ৩ কোটি ৮৬ লাখ ৭৯ হাজার ৯০০ টাকা। ওই সোনা ভারতে পাচার করা হচ্ছিল। এ সময় দুজন পাচারকারীকে আটক করা হয়।
আটক দুজন হলেন শার্শা উপজেলার আমলাই গ্রামের আনারুল ইসলামের ছেলে ইয়াকুব আলী (৩২) ও একই উপজেলার গোগা গ্রামের নূর বক্স বিশ্বাসের ছেলে আতিয়ার রহমান (৪৫)।
বিজিবি সূত্রে জানা গেছে, উপজেলার রুদ্রপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার হতে পারে, এমন তথ্য পেয়ে খুলনা ২১ বিজিবির একটি বিশেষ টহল দল দুপুরে সেখানে অভিযানে যায়। এ সময় সীমান্তের মেইন পিলার থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের ভেতরে রুদ্রপুর এলাকার কালভার্টের ওপরে অবস্থান নেয় দলটি। একপর্যায়ে সড়ক দিয়ে সাদা রঙের একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল আসতে দেখে সেটির গতি রোধ করে টহল দল। এ সময় বিজিবির ধাওয়া খেয়ে দুজন চোরাকারবারি দৌড়ে পালিয়ে যান। এরপর গাড়িটি তল্লাশি করে গ্লাভস কম্পার্টমেন্টের এসি ফিল্টার বাক্সের ভেতরে স্কচ টেপ দিয়ে মোড়ানো অবস্থায় সোনার ৩৫টি বার পাওয়া যায়। তখন ইয়াকুব ও আতিয়ারকে আটক করা হয়।
খুলনা ২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান বলেন, আটক দুই পাচারকারীর বিরুদ্ধে শার্শা থানায় মামলা হয়েছে। তাঁদের থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা সোনা, প্রাইভেট কার ও মোটরসাইকেল থানায় জমা দেওয়া হয়েছে।