
বান্দরবান জেলা শহরের লাল ব্রিজ এলাকায় আজ সোমবার দুপুরে একটি বালুবাহী ট্রাক উল্টে যায়। এতে ট্রাকে থাকা বালুর নিচে চাপা পড়ে চালক নিহত হয়েছেন। নিহত চালকের নাম মোহাম্মদ মিজানুর রহমান (২৩)। তাঁর লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় চালকের সহকারীও আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে বান্দরবান-কেরানিহাট সড়কে বালুবাহী একটি ট্রাক বান্দরবান জেলা শহরে আসছিল। ট্রাকটি জেলা শহরের ৯ নম্বর ওয়ার্ডের লাল ব্রিজ মসজিদ সংলগ্ন খাড়া পাহাড়ি সড়ক দিয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে উল্টে যায়। ট্রাকের চাপা পড়ে চালক মিজানুর ঘটনাস্থলে নিহত হয়েছেন। চালকের সহকারী হেলাল উদ্দিনকে আহত অবস্থায় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।
হাসপাতালে চিকিৎসাধীন চালকের সহকারী হেলাল উদ্দিন জানিয়েছেন, তাঁরা কক্সবাজারের ঈদগাঁ বাজার এলাকা থেকে বালু বোঝাই করে বান্দরবানের দিকে আসছিলেন। বান্দরবান জেলা শহরে বালু পৌঁছে দেওয়ার কথা। শহরে পৌঁছানোর মাত্র ১০ মিনিটের মাথায় দুর্ঘটনায় চালক মিজান নিহত হন। তাঁর বাবার নাম দেলোয়ার হোসেন এবং বাড়ি সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নে।
বান্দরবান সদর থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ হোসেন জানিয়েছেন, মিজানুরের লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হবে।