করেন কাপড়ের ব্যবসা, বানালেন চিকিৎসক খোঁজার অ্যাপ

স্মার্টফোনে নিজের তৈরি অ্যাপ দেখাচ্ছেন টিটু কুমার দেবনাথ। সম্প্রতি মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার হাটবন্দ গ্রামে
ছবি: প্রথম আলো

প্রথমে দেড় বছর ধরে ‘ফাইন্ড ডক্টরস’ নামের অ্যাপটি তৈরি করেন টিটু কুমার দেবনাথ (৩২)। এরপর সিলেট বিভাগের বিভিন্ন চিকিৎসকের চেম্বারে গিয়ে তথ্য নেন ও ভিজিটিং কার্ড সংগ্রহ করেন। পর্যায়ক্রমে ১০০ চিকিৎসকের নাম, মুঠোফোন নম্বর, চেম্বারের ঠিকানা, রোগী দেখার সময়, রোগী দেখার ফি—এসব তথ্য অ্যাপে যুক্ত করেন।

টিটু দেবনাথ অ্যাপটি প্লে স্টোর আপলোড করেছেন। অ্যাপটি মুঠোফোনে ডাউনলোড করার পর সেটিতে ঢুকে দেখা গেছে, রোগের ধরন অনুযায়ী ফোল্ডার ভাগ করা রয়েছে। নির্দিষ্ট রোগের জন্য করা ফোল্ডারে ক্লিক করলে ওই রোগের বিশেষজ্ঞ চিকিৎসকের সব তথ্য মিলছে।

অ্যাপটিতে পর্যায়ক্রমে ঢাকাসহ অন্যান্য স্থানের বিশেষজ্ঞ চিকিৎসকদের নাম অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন টিটু কুমার দেবনাথ। তিনি মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার হাটবন্দ গ্রামের মনোরঞ্জন দেবনাথের ছেলে।

উচ্চমাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করা টিটু দেবনাথ বড়লেখা পৌর শহরে কাপড়ের ব্যবসা করছেন। এক সন্তানের এই জনক বড়লেখা নজরুল একাডেমির একজন যন্ত্রবাদকও।

সম্প্রতি বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত লোকজনের সামনে অ্যাপটি তৈরির উদ্দেশ্য ও এর প্রয়োজনীয়তা তুলে ধরেন টিটু দেবনাথ।

অ্যাপটি তৈরির প্রক্রিয়া জানাতে গিয়ে তিনি প্রথম আলোকে বলেন, ছাত্রজীবন থেকেই অ্যান্ড্রয়েড মুঠোফোনের বিষয়ে আগ্রহ ছিল। উচ্চমাধ্যমিক শেষে ২০১৮ সালে সিলেটের একটি বেসরকারি প্রশিক্ষণকেন্দ্রে অ্যাপ ডেভেলপমেন্ট বিষয়ে প্রশিক্ষণ নেন। সিলেট থেকে এসে পারিবারিক কারণে ব্যবসায় যুক্ত হতে হয়েছে তাঁকে। এর মধ্যে ২০২০ সালে করোনাভাইরাস মহামারির সময়ে দোকানপাট বন্ধ হয়ে যায়। সময়টা কাজে লাগিয়ে কিছু একটা করার ইচ্ছা আবারও মাথাচাড়া দিয়ে ওঠে। করোনাকাল বলেই কিনা—তাঁর মনে হতে থাকে, কোন রোগের জন্য কোন ধরনের চিকিৎসকের কাছে যেতে হবে, তাঁরা কোথায় বসেন, রোগী দেখার সময়—এসব তথ্য অনেকেই জানেন না। এ কারণে অনেক রোগী ভুল চিকিৎসকের কাছে যান। হাতুড়ে চিকিৎসকের কাছে গিয়ে কারও কারও জীবন বিপন্ন হওয়ার উপক্রম হয়।

এসব ভাবনা থেকে টিটু দেবনাথ এমন একটি অ্যাপ তৈরির চিন্তা করেন, যেখানে বিভিন্ন রোগের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের নাম, চেম্বারের ঠিকানা, রোগী দেখার সময়, ফিসহ প্রাথমিক সব তথ্য থাকবে, যাতে একজন রোগী বা তাঁর স্বজন সহজেই অ্যাপে ঢুকে তাঁর প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের সম্পর্কে তথ্য পেতে পারেন।

টিটু বলেন, প্রথমে অ্যান্ড্রয়েড অ্যাপের ডিজাইন করতেই তাঁর ছয় মাস লেগে যায়। এই অ্যাপ নিয়ে কাজ করতে করতে করোনা মহামারির ভীতিকর সময়টা কেটে যায়। দোকান খুলে গেলে আবার ব্যবসায় ব্যস্ত হয়ে পড়েন। এ কারণে অ্যাপটির কাজ এগিয়ে নিতে সময় দেওয়া সম্ভব হচ্ছিল না। ওই সময় বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলীর সঙ্গে দেখা হলে তাঁকে অ্যাপটির বিষয়ে জানান। সব শুনে কাজটি শেষ করার জন্য তাগাদা দেন ইউএনও।

সম্প্রতি বিদ্যুৎ সাশ্রয়ের জন্য দোকানপাট রাত আটটায় বন্ধ করার ঘোষণা এলে গভীর রাত পর্যন্ত অ্যাপ তৈরির কাজ করতে থাকেন টিটু দেবনাথ। এ বিষয়ে ঢাকায় বাস করা সফটওয়্যার প্রকৌশলী মাহফুজ আহমদের পরামর্শ নেন। পুরো কাজটি সম্পন্ন করতে তাঁর দেড় বছর সময় লাগে। গত ১০ আগস্ট অ্যাপটি প্লে স্টোরে আপলোড করেন তিনি।

টিটু দেবনাথ প্রথম আলোকে বলেন, ‘মানুষ যাতে সঠিক চিকিৎসকের কাছে যেতে পারেন এবং সঠিক চিকিৎসা পান, এ চিন্তা থেকেই অ্যাপ তৈরিতে হাত দিয়েছিলাম। আয়ের চিন্তা থেকে অ্যাপ তৈরি করিনি, মানুষকে সহযোগিতার জন্য করেছি।’

জানতে চাইলে মাহফুজ আহমদ প্রথম আলোকে বলেন, ‘অনেক দিন ধরে আমার কাছ থেকে প্রোগ্রামিং ও অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট বিষয়ে জানার চেষ্টা করছেন টিটু। এভাবে তিনি নিজে নিজেই অ্যাপটি তৈরি করেছেন। অ্যাপে আরও কিছু কাজ বাকি। তিনি সেগুলোও আস্তে আস্তে ডেভেলপ করছেন।’

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী প্রথম আলোকে বলেন, ‘অ্যাপটি মানুষের উপকারে আসবে। এতে অভিজ্ঞ চিকিৎসকদের তথ্য দেওয়া আছে। টিটু দেবনাথ অ্যাপটি তৈরির ভাবনা শেয়ার করলে তাঁকে উৎসাহ দিয়েছি। তরুণেরা চাইলে অনেক কিছু করতে পারেন, অ্যাপটি এর প্রমাণ।’