কালকিনিতে ছাত্রদল নেতার শোভাযাত্রায় পুলিশের লাঠিপেটা, আহত ১৫

মাদারীপুরের কালকিনিতে ছাত্রদল শোভাযাত্রা বের করলে পুলিশ লাঠিপেটা করে। বুধবার দুপুরে উপজেলা পরিষদের সামনে
ছবি: প্রথম আলো

মাদারীপুরের কালকিনিতে কেন্দ্রীয় এক ছাত্রদল নেতা এলাকায় এলে মোটরসাইকেল শোভাযাত্রা বের করে স্থানীয় ছাত্রদল। এ শোভাযাত্রায় পুলিশ লাঠিপেটা করেছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।

বুধবার দুপুরে কালকিনি উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। এতে ছাত্রদল ও যুবদলের অন্তত ১৫ নেতা–কর্মী আহত হয়েছেন বলে দাবি সংগঠনটির।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সম্প্রতি ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক পদ পান খাইরুল আলম ওরফে সুজন। তিনি বাবার কবর জিয়ারত করতে আজ সকালে ঢাকা থেকে নিজ এলাকা কালকিনি উপজেলার ভুরঘাটা আসেন। এ সময় কালকিনি উপজেলা ছাত্রদল ও যুবদলের নেতা–কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন খাইরুল আলম। পরে তিনি ছাদখোলা গাড়ি নিয়ে গ্রামের বাড়ি কয়ারিয়ার দিকে রওনা দেন। এ সময় তাঁর পেছনে যুবদল ও ছাত্রদলের নেতাদের অন্তত দেড় শ মোটরসাইকেল যাচ্ছিল।

তাঁরা ভুরঘাটা-কালকিনি সড়ক হয়ে কালকিনি উপজেলা পরিষদের কাছে পৌঁছালে সড়কে যানজট সৃষ্টি হয়। পুলিশ এসে তাঁদের সরে যেতে বলে। এ সময় পুলিশের সঙ্গে ছাত্রদলের নেতা–কর্মীদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ তাঁদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত ১৫ নেতা–কর্মী আহত হন।

খাইরুল আলম প্রথম আলোকে বলেন, ‘পুলিশ অতি উৎসাহী হয়ে আমাদের টার্গেট করে হামলা করেছে। পুলিশের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগের নেতা–কর্মীরাও ছিলেন।’

আহত ব্যক্তিরা হলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক জসিমউদ্দীন, মাদারীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রফিকুল ইসলাম, সহসাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, কালকিনি উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শিকদার মো. মামুন, সাবেক ছাত্রনেতা শামীম মোল্লা, কালকিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, কালকিনি পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কাওছার হোসেন, সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, ছাত্রনেতা সাইফুল ইসলাম, আমিনুল তালুকদার, মাজারুল শিকদার, শাহীন, ইউসুফ, গোপালপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল খন্দকার। তাঁরা কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আলম শোভাযাত্রা নিয়ে ছাদখোলা গাড়িতে করে গ্রামের বাড়ি উপজেলায় কয়ারিয়ায় যাচ্ছিলেন

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিএনপি ও ছাত্রদলের নেতা–কর্মীরা কোনো অনুমতি ছাড়াই মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। তাঁরা সড়কে বিশৃঙ্খলা করছিলেন। এতে যাত্রী ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। পুলিশ তাঁদের শান্তিপূর্ণভাবে সরে যেতে বললে কিছু উগ্র নেতা–কর্মী পুলিশকে লক্ষ্য করে চড়াও হয়। পরে পুলিশ বাধ্য হয়ে তাঁদের লাঠিচার্জ করে সড়ক যানজটমুক্ত করে। তবে পুলিশের লাঠিচার্জে কেউ আহত হননি। বিএনপির নেতা–কর্মীরা ছোটাছুটি করতে গিয়ে আহত হয়ে থাকতে পারেন।

কালকিনি উপজেলা বিএনপির তথ্য ও যোগাযোগবিষয়ক সম্পাদক নুরু তালুকদার প্রথম আলোকে বলেন, ‘আমাদের ছাত্রদলের এক কেন্দ্রীয় নেতা তাঁর গাড়ি নিয়ে শান্তিপূর্ণভাবে গ্রামের বাড়ির দিকে যাচ্ছিলেন। হঠাৎ পুলিশ আমাদের গতি রোধ করে লাঠিচার্জ শুরু করে।’

মাদারীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘পুলিশ ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীদের নিয়ে আমাদের বেদম পেটাতে শুরু করে। পুলিশের হাত থেকে বাঁচতে আমরা অনেকেই মোটরসাইকেল রেখে পালিয়ে যাই। আমরা এই ন্যক্কারজনক হামলার বিচার চাই।’