
কভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে কুমিল্লা প্রেসক্লাব এলাকায় একজন মাইক্রোবাসচালকের ইটের আঘাতে আরেক মাইক্রোবাসচালকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম লিটন মিয়া (৪৫)।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় ওই মাইক্রোবাসচালক মারা যান। এ ঘটনায় তাঁর বড় ভাই মো. শাহজাহান মিয়া আজ শুক্রবার বিকেলে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। অভিযুক্ত মাইক্রোবাসচালক পলিন মিয়াকে (৫০) মামলায় একমাত্র আসামি করা হয়েছে।
মারা যাওয়া লিটন মিয়া কুমিল্লা শহরতলির চানপুর গয়ামবাগিচা এলাকার ছন্দু মিয়ার ছেলে। তাঁর দুই ছেলে রয়েছে। এক ছেলে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে, আরেক ছেলে পঞ্চম শ্রেণিতে পড়ে।
অন্যদিকে অভিযুক্ত পলিন মিয়ার বাড়িও একই এলাকায়। তাঁরা সম্পর্কে চাচাতো ভাই। পলিনের বাবার নাম খোরশেদ আলম।
কুমিল্লার কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) হানিফ সরকার প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুমিল্লা প্রেসক্লাব এলাকার রেন্ট-এ-কার স্ট্যান্ডের সামনে ভাড়ায় যাওয়া নিয়ে লিটন মিয়া ও পলিন মিয়ার সঙ্গে বচসার একপর্যায়ে হাতাহাতি ও মারামারি হয়। এ সময় পলিন মিয়া সড়কের পাশ থেকে একটি ইট নিয়ে লিটন মিয়ার মাথার পেছনে আঘাত করে পালিয়ে যান। লিটন মিয়াকে কুমিল্লা জেনারেল হাসপাতালে দ্রুত নিয়ে যান আশপাশের লোকজন। সেখান থেকে পরে স্বজনেরা তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরিদর্শক (তদন্ত) হানিফ সরকার আরও বলেন, পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। আজ (শুক্রবার) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত হয়েছে। পরে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। আজ বিকেলে লিটন মিয়ার দাফন সম্পন্ন হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত মাইক্রোবাসচালক পলিন মিয়া পলাতক। শুক্রবার বিকেলে মামলা হয়েছে। তবে বৃহস্পতিবার রাত থেকেই পলিন মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।