আগুন
আগুন

সাতক্ষীরায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন

সাতক্ষীরার তালা উপজেলায় নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন দিয়েছে। গতকাল রোববার রাত একটার দিকে উপজেলার রাইস মিল মোড়ে অবস্থিত ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে দ্রুত এগিয়ে এসে তা নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিস এবং পাটকেলঘাটা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার বলেন, রাতের আঁধারে দুর্বৃত্তরা কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন দেয়। এতে কার্যালয়ে থাকা আসবাব ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম লুৎফর কবির বলেন, আগুনে কয়েকটি চেয়ার পুড়ে গেছে। ঘটনাস্থল থেকে একটি খালি পেট্রলের বোতল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।