লাশ
লাশ

পিটিয়ে হত্যা, ৩৬ দিন পর কবর থেকে তোলা হলো তরুণের লাশ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মো. আলাউদ্দিন (২৬) নামের নিহত এক তরুণের লাশ মৃত্যুর ৩৬ দিন পর কবর থেকে তোলা হয়েছে। তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে অভিযোগে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ তিনজনের নাম উল্লেখ করে মামলার পর আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য আজ বুধবার দুপুর ১২টার দিকে লাশটি তোলা হয়।

নিহত আলাউদ্দিন উপজেলার বাটইয়া গ্রামের মহিন উদ্দিনের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। গত ৬ মে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পরদিন তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছিল। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেবনাথের উপস্থিতিতে আলাউদ্দিনের লাশটি তোলা হয়েছে।

আলাউদ্দিনের বাবা মহিন উদ্দিন বলেন, তাঁদের জমিজমা নিয়ে কিছু সমস্যা দেখা দেওয়ায় তিনি স্থানীয় নরোত্তমপুর ইউপির চেয়ারম্যান এ কে এম সিরাজ উল্যার কাছে এ বিষয়ে অভিযোগ করতে যান। তখন চেয়ারম্যান ওই জায়গাটি তাঁকে বিক্রি করে দিতে বলেন। তিনি বিক্রি করতে রাজি না হওয়ায় চেয়ারম্যানের সঙ্গে তাঁর বিরোধ দেখা দেয়। এর জেরে ১ মে রাতে ইউপি চেয়ারম্যান তাঁর ছেলেকে বাড়িতে ডেকে নিয়ে দুই দিন আটকে রাখেন।

মহিন উদ্দিন অভিযোগ করেন, আটকের সময় ইউপি চেয়ারম্যান নিজে এবং তাঁর দুই সহযোগী মো. নিশান ও মো. কবির লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে আলাউদ্দিনের মাথা, হাঁটু, চোখসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। এরপর আহত অবস্থায় কে বা কারা আলাউদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ৬ মে সেখানে তাঁর মৃত্যু হয়েছে।

আলাউদ্দিনকে হত্যার অভিযোগে ৩ জুন তাঁর স্ত্রী নুরজাহান বেগম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান এ কে এম সিরাজ উল্যা ও তাঁর দুই সহযোগী মো. নিশান ও মো. কবিরের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় পাঁচ থেকে ছয়জনের বিরুদ্ধে আদালতে একটি মামলার আবেদন করেন। আদালত বাদীর অভিযোগ হত্যা মামলা হিসেবে নিতে কবিরহাট থানাকে নির্দেশ দেন। একই সঙ্গে নিহত আলাউদ্দিনের লাশ কবর থেকে তুলে ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, লাশটি তোলার পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মামলা দায়ের হওয়ার পর ইউপি চেয়ারম্যান সিরাজ উল্যা উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছেন। অপর দুই আসামির মধ্যে কবিরকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্য আসামি নিশানকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান এ কে এম সিরাজ উল্যা বলেন, ‘তাঁদের জমির তিন দিকে আমাদের জমি আছে। একসময় তাঁরা জমি বিক্রি করতে চেয়েছিলেন, আমি কিনতে রাজি হইনি। আমি নিজে বলেছি অন্য কাউকে জমি বিক্রি করার জন্য। বিষয়টি নিয়ে আলাউদ্দিনদের সঙ্গে আমার কোনো বিরোধ ছিল না। কিছু লোক রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য ওই পরিবারকে ব্যবহার করছে। মারধর দূরে থাক, বাড়িতে ডাকার বিষয়টি সত্য নয়।’