
যশোর-মনিরামপুর-কেশবপুর সড়কে সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের বাস চালু করার দাবি জানিয়েছেন ওই এলাকার শিক্ষার্থীরা।
এ দাবিতে রোববার দুপুরে কলেজের অধ্যক্ষ মর্জিনা আক্তারের কাছে ১৬১ শিক্ষার্থীর সই করা একটি স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়েছে, এমএম কলেজের ৪০ শতাংশ শিক্ষার্থী যশোর সদর, মনিরামপুর ও কেশবপুর উপজেলা থেকে যাতায়াত করেন। কিন্তু যশোর-মনিরামপুর-কেশবপুর সড়কে কলেজের কোনো বাস চলাচল করে না।
তাঁদের অনেক কষ্ট করে গণপরিবহনে যাতায়াত করতে হচ্ছে। সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়াও বাড়ানো হয়েছে। এ বর্ধিত ভাড়া বহন করা তাঁদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এ সড়কে কলেজের একটি বাস দেওয়ার দাবি তাঁদের।
যশোর সদর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার অন্তত সাত হাজার শিক্ষার্থী এমএম কলেজে লেখাপড়া করে বলে জানিয়েছেন কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী খন্দকার রুবাইয়া।
তিনি প্রথম আলোকে বলেন, ‘চৌগাছা ও ঝিনাইদহ রুটে দুটি কলেজ বাস চলাচল করে। অথচ আমাদের সড়কে কলেজের কোনো বাস চলাচল করে না। গণপরিবহনে চলাচল করতে মেয়েদের খুব সমস্যা হচ্ছে। অনেক সময় পরিবহনকর্মীদের খারাপ আচরণের শিকার হতে হয়। এ জন্য এ রুটে একটি কলেজ বাস দেওয়ার দাবি জানাই।’
জানতে চাইলে কলেজের অধ্যক্ষ মর্জিনা আক্তার প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীদের স্মারকলিপি পেয়েছি। কলেজে বর্তমানে তিনটি বাস চালু রয়েছে। এখনই যশোর-কেশবপুর লাইনে বাস চালু করা যাচ্ছে না। তবে এ বিষয়ে কী করা যায়, তা ভেবে দেখব।’