
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে গত দুই সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে জোটের স্বার্থে শেষ মুহূর্তে সরে যেতে হয়। এ নিয়ে দলের নেতা-কর্মীদের মনে ক্ষোভ ছিল। দীর্ঘ ১০ বছর পর এবার এ আসনে নিজ দলীয় প্রার্থী পেয়ে উচ্ছ্বসিত তাঁরা। নিজেদের প্রার্থীকে বিজয়ী করতে একজোট হয়ে মাঠে নেমেছেন তাঁরা। এমনকি এ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া চার প্রার্থীও নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়ে নৌকার প্রতি সমর্থন জানিয়েছেন।
এ আসনে জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন টানা দুই মেয়াদে সংসদ সদস্য হিসেবে আছেন। গত দুই সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাপার সমঝোতায় এখানে নিজেদের প্রার্থী তুলে নেয় আওয়ামী লীগ। দ্বাদশ সংসদ নির্বাচনে সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাতকে দলীয় মনোনয়ন দেয় আওয়ামী লীগ। নির্বাচনে শরিক ও মিত্রদের সঙ্গে আসন ভাগাভাগির পর আওয়ামী লীগ যে ২৬টি আসনে জাপাকে ছাড় দেওয়ার কথা জানিয়েছে, সেই তালিকায় নারায়ণগঞ্জ-৩ আসন নেই।
পরিচয় গোপন রাখার শর্তে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা প্রথম আলোকে বলেন, গত ২৬ নভেম্বর সোনারগাঁয়ে কায়সার হাসনাতকে দলীয় প্রার্থী ঘোষণার পরও তারা স্বস্তিতে ছিলেন না। গত দুবারের মতো এবারও জাপাকে সোনারগাঁ ছেড়ে দেওয়া হতে পারে বলে শঙ্কা ছিল তাঁদের। সেই শঙ্কা থেকেই কায়সার হাসনাত দলীয় মনোনয়ন পাওয়ার পরও তাঁর স্ত্রী রুবিয়া আক্তার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। রোববার আসন ভাগাভাগির চূড়ান্ত ঘোষণার পর তাঁদের সেই শঙ্কা কেটেছে। বিভেদ ভুলে সোনারগাঁ আওয়ামী লীগ ১০ বছর পর নৌকাকে বিজয়ী করতে কাজ করছে। এর অংশ হিসেবে দলীয় চার স্বতন্ত্র প্রার্থীও নিজেদের সরিয়ে নিয়ে নৌকার পক্ষে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।
এবার দল আমাকে নৌকার মনোনয়ন দিয়েছে। জাতীয় পার্টির প্রার্থী চেয়েছিলেন আমাকে সরিয়ে দিয়ে সংসদ সদস্য হতে। তিনি নির্বাচনকে ভয় পান। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে আরও ভয় পান। সোনারগাঁয়ের মানুষ ১০ বছর পর নৌকায় ভোট দিতে মুখিয়ে আছেন।আবদুল্লাহ আল কায়সার হাসনাত, নৌকার প্রাথী, নারায়ণগঞ্জ-৩ আসন
জেলা নির্বাচন কর্মকর্তা ও আওয়ামী লীগ সূত্রে জানা যায়, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য এ এইচ এম মাসুদ ওরফে দুলাল, সাবেক সংসদ সদস্য মোবারক হোসেনের ছেলে উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য এরফান হোসেন ওরফে দীপ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়ার ছেলে মারুফুল ইসলাম এবং কায়সার হাসনাতের স্ত্রী রুবিয়া আক্তার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। রোববার মাসুদ ছাড়া বাকি তিন প্রার্থী নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। আজ মাসুদের নামে প্রতীক বরাদ্দ হলেও প্রতীক না নিয়ে তিনি সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। পাশাপাশি নৌকাকে বিজয়ী করতে মাঠে থাকার কথা জানান তিনি।
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, ১০ বছর ধরে জাতীয় পার্টির লোকজনের কাছে সোনারগাঁ আওয়ামী লীগের কর্মী–সমর্থকেরা নির্যাতিত হয়েছেন। এবার তাঁরা নিজেদের প্রার্থী পেয়ে খুশি। নির্বাচনকে কেন্দ্র করে অতীতের যেকোনো সময়ের চেয়ে সোনারগাঁ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ বলেও দাবি করেন তিনি।
ঐক্যবদ্ধ আওয়ামী লীগের কাছেই ইতিমধ্যে জাপার প্রার্থীর পরাজয় হয়ে গেছে বলে মন্তব্য করেন কায়সার হাসনাত। প্রথম আলোকে তিনি বলেন, ‘জোটগত কারণে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে এ আসনে আওয়ামী লীগ প্রার্থী না দেওয়ায় জাতীয় পার্টির প্রার্থী সংসদ সদস্য হয়েছেন। এবার দল আমাকে নৌকার মনোনয়ন দিয়েছে। জাতীয় পার্টির প্রার্থী চেয়েছিলেন আমাকে সরিয়ে দিয়ে সংসদ সদস্য হতে। তিনি নির্বাচনকে ভয় পান। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে আরও ভয় পান। সোনারগাঁয়ের মানুষ ১০ বছর পর নৌকায় ভোট দিতে মুখিয়ে আছেন।’
স্বাধীনতার পর প্রথম জাতীয় নির্বাচনে সোনারগাঁয়ে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছিলেন। সে সময় সোনারগাঁ-রূপগঞ্জ এলাকা নিয়ে গঠিত ঢাকা-২৮ আসন থেকে সংসদ সদস্য হন ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সংগঠক মোবারক হোসেন। ১৯৮৬ সালে হওয়া তৃতীয় সংসদ নির্বাচনে সোনারগাঁ ও রূপগঞ্জকে আলাদা দুটি আসনে ভাগ করা হয়। সেই নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন থেকে ফের আওয়ামী লীগের সংসদ সদস্য হন মোবারক হোসেন। এরপর টানা ৫টি নির্বাচনে এই আসনে কোনো সংসদ সদস্য পায়নি আওয়ামী লীগ। একবার জাপা ও চারবার বিএনপি বিজয়ী হওয়ার পর ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আবদুল্লাহ আল কায়সার বিএনপির প্রার্থী রেজাউল করিমকে প্রায় ১ লাখ ভোটের ব্যবধানে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। এর পরের দুই সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েও শেষ মুহূর্তে প্রার্থিতা প্রত্যাহার করতে হয় তাঁকে।
তবে জাপার প্রার্থী লিয়াকত হোসেন বলেন, সোনারগাঁয়ের মানুষ গত দুবারের মতো এবারও জাতীয় পার্টিকেই ভোট দেবে বলে তিনি আশাবাদী। গত ১০ বছর ধরে সোনারগাঁয়ে তিনি ব্যাপক উন্নয়নকাজ করেছেন। সেই উন্নয়নের কারণেই তিনি আবারও সংসদ সদস্য নির্বাচিত হবেন।
নারায়ণগঞ্জ-৩ আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের আবদুল্লাহ আল কায়সার হাসনাত (নৌকা প্রতীক), জাতীয় পার্টির লিয়াকত হোসেন (লাঙল প্রতীক), বিএনএমের এ বি এস ওয়ালিউর রহমান খান (নোঙর প্রতীক), বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. আসলাম হোসাইন (একতারা প্রতীক), বিকল্প ধারা বাংলাদেশের নারায়ণ দাস (কুলা প্রতীক), বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো. মজিবুর রহমান (ফুলের মালা প্রতীক), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আরিফ (ছড়ি প্রতীক) এবং স্বতন্ত্র প্রার্থী এ এইচ এম মাসুদ (ঈগল প্রতীক)৷