গোপালগঞ্জে বিএনপির রোডমার্চের গাড়িবহরে হামলার অভিযোগ

গোপালগঞ্জে বিএনপির রোডমার্চের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতা–কর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার বরইতলা এলাকায়
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বিএনপির রোডমার্চের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। রাজবাড়ী থেকে শুরু হওয়া রোডমার্চ ফরিদপুর-গোপালগঞ্জের মুকসুদপুর হয়ে শরীয়তপুরে যাচ্ছিল। পথে হামলার শিকার হন বিএনপির নেতা-কর্মীরা।

আজ মঙ্গলবার সন্ধ্যার আগে মুকসুদপুর উপজেলার বরইতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। তবে পুলিশ দাবি করেছে, হামলার কোনো ঘটনা ঘটেনি।

বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর বিভাগীয় রোডমার্চ কর্মসূচি পালন করছে বিএনপি। রাজবাড়ীর গোয়ালন্দ থেকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলায় এসে সমাবেশ করেন বিএনপির নেতা-কর্মীরা। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি জেলা ও উপজেলার নেতা-কর্মীরা অংশ নেন। সমাবেশ শেষ হওয়ার আগে বিএনপির গাড়িবহরে হামলা করেন দিগনগর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে বিএনপির বেশ কয়েকজন কর্মী আহত হন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার বলেন, ‘এমন কোনো ঘটনার ব্যাপারে আমার কিছু জানা নেই। আমি দুই দিন আগে নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানিয়ে দিয়েছি, আমাদের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান এগুলো পছন্দ করেন না। এমন ঘটনা ঘটার কথা নয়। তারপরও আমি খোঁজ নিচ্ছি।’

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। এমন কোনো ঘটনা ঘটেনি।’