ব্রাহ্মণবাড়িয়া-২

রুমিন ফারহানার পক্ষে প্রচারণা, সরাইলে ছাত্রদলের ৭ নেতাকে বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় সরাইল উপজেলা ছাত্রদলের সাত নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জুনায়েদ মিয়া, সরাইল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক আল আমিন, সরাইলের চুন্টা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. আল আমিন, সাবেক সহসভাপতি নাজিম উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম ও শাহজাদাপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি শেখ রমজান।

এর আগে একই কারণে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি, উপজেলা শ্রমিক দলের সভাপতি, উপজেলা যুবদলের সদস্যসচিবসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতাকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া শাহজাদাপুর ইউনিয়ন শাখা বিএনপির ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি স্থগিত করা হয়েছে।

উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জামাল হোসেন লস্কর প্রথম আলোকে বলেন, তাঁরা দলীয় শৃঙ্খলা অনুযায়ী বিএনপি জোটের প্রার্থীর খেজুরগাছ প্রতীকের পক্ষে কাজ না করে বহিষ্কৃত প্রার্থীর পক্ষে যুক্ত আছেন, এমন সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মাঠে ছিলেন রুমিন ফারহানা। তিনি একাদশ জাতীয় সংসদে বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন। ছিলেন বিএনপির আন্তর্জাতিক-বিষয়ক সহসম্পাদক। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় গত ৩০ ডিসেম্বর তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। এখানে বিএনপি জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুরগাছ প্রতীকে নির্বাচন করছেন।