
শরীয়তপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসানের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এতে উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়ন যুবলীগের সভাপতি মনির হোসেন খাঁসহ আটজনকে আসামি করা হয়েছে। সোমবার জাজিরা উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবুল বাশার বাদী হয়ে মামলাটি করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গত শনিবার বিকেলে ইউএনও কামরুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশার, উপজেলা কৃষি কর্মকর্তা জামাল হোসাইন ও মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির কয়েক সদস্য মিলে পদ্মা নদীতে অভিযানে যান। নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় ১১ জেলেকে আটক করা হয়। তখন তাঁদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড করা হয়।
এরপর ইউএনওর নেতৃত্বে ওই দল সন্ধ্যার দিকে পদ্মা নদীর মাঝে অভিযানে যায়। রাত সাড়ে ৯টার দিকে পাইনপাড়া এলাকায় গেলে জেলেরা ওই দলের ওপর হামলা করেন। জেলেরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল মারতে থাকেন। তাঁরা দেশীয় অস্ত্র টেঁটা ও সুরকি নিক্ষেপ করেন। হামলাকারীদের ছত্রভঙ্গ করতে নৌ পুলিশ ৯টি ফাঁকা গুলি ছোড়ে। এ সময় আটক ১০ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
এ ঘটনায় উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবুল বাশার বাদী হয়ে পদ্মা সেতু দক্ষিণ থানায় সোমবার মামলা করেছেন। মামলায় আসামি করা হয়েছে পূর্ব নাওডোবা ইউনিয়ন যুবলীগের সভাপতি মনির হোসেন খাঁ, মাহাবুর রহমান, আবু বক্কর, বাবুল ফকির, মোজাফ্ফর, খালেক, সেকেন ও দ্বীন ইসলামকে। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোস্তাফিজুর রহমান।
উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশার বলেন, জেলেদের সঙ্গে স্থানীয় একটি প্রভাবশালী মহল মা ইলিশ শিকারে জড়িত। ওই চক্রই শনিবার রাতে হামলা করেছে। তাই তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
জানতে চাইলে যুবলীগের নেতা মনির হোসেন খাঁ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি এলাকায় রাজনীতি ও ব্যবসা করি। মাছ শিকার করা তো আমার কাজ নয়। ইউএনওর ওপর হামলার ঘটনায় মামলায় আমাকে জড়ানো হয়েছে কি না, তা জানি না। কেউ শত্রুতা করে আমাকে জড়াতে পারেন।’
ইউএনও কামরুল হাসান প্রথম আলোকে বলেন, সব বাধা উপেক্ষা করে মা ইলিশ সংরক্ষণ অভিযান চালানো হবে। যাঁরা হামলা করেছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।