
ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও তিন নারীর মৃত্যু হয়েছে। ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৭০।
একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে জেলার বিভিন্ন হাসপাতালে আরও ৩২৬ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ১৪৫। জেলা সিভিল কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মারা যাওয়া ডেঙ্গু রোগীরা হলেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের বন্যতৈলা গ্রামের কনক বসুর স্ত্রী করুনা বসু (৫০), ফরিদপুরের সদরপুর উপজেলার চরকুমারিয়া এলাকার ইমনের স্ত্রী ঋতু (২০) ও গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর গ্রামের আলফু শেখের স্ত্রী সালমা (৬৮)।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩২৬ জন ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৮৩৫ জন। এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ১৪৫। এর মধ্যে ১৩ হাজার ৪২০ জন রোগী সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন।
ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান প্রথম আলোকে বলেন, ফরিদপুরে কয়েক দিন ধরে ডেঙ্গু পরিস্থিতি খারাপের মধ্যে আছে। প্রায় প্রতিদিনই রোগী মারা যাচ্ছে। তিনি বলেন, এখনো মানুষ ডেঙ্গুকে গুরুত্বের সঙ্গে নেননি। এ জন্য ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা হাসপাতালে আসছেন না। দেরিতে হাসপাতালে আসায় জটিলতা বেড়ে যাওয়ায় শেষ মুহূর্তে তেমন কিছু করার সুযোগ থাকছে না। এ জন্য সংকটকালে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।