
নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি ও পুলিশের গুলিতে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম নিহত হওয়ার প্রতিবাদে বোয়ালখালী উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে। এতে বিএনপির বিক্ষোভ কর্মসূচি সংক্ষেপ করতে হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার বিকেল চারটায় উপজেলার অলি বেকারিতে এলাকায় এ ঘটনা ঘটে।
দলীয় নেতা-কর্মীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুরে মইন উদ্দীন দীঘির পাড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা। মিছিলে বিএনপি ও এর সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী অংশ নেন। তবে মিছিলটি দীঘির পাড় এলাকা থেকে উপজেলার দিকে যেতে চাইলে অলি বেকারি এলাকায় পুলিশ বাধা দেয়।
উপজেলা আহ্বায়ক ইছহাক চৌধুরী বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম। এর মধ্যে পুলিশের বাধা আসে। আমাদের শান্তিপূর্ণভাবে মিছিল-মিটিং করতে দেওয়া হচ্ছে না। শত বাধা দিয়েও বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।’
জানতে চাইলে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই মিছিল সম্পন্ন হয়েছে। পুলিশের বাধার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বাজারের দিকে গেলে হয়তো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারত, সে জন্য সেদিকে যাওয়ার দরকার নেই বলেছি।’
এর আগে সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশের মানুষ চরম বিপাকে আছে। সবকিছু মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। মানুষ আজ অসহায়। ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম হত্যার বিচার বাংলার মাটিতে হবে। শুধু সময়ের অপেক্ষা।
উপজেলা বিএনপির আহ্বায়ক ইছহাক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সদস্যসচিব হামিদুল হক মান্নান, পৌরসভা বিএনপির আহ্বায়ক শহিদুল্লাহ্ চৌধুরী, সদস্যসচিব ইউসুফ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আবদুল হালিম, শাহ্ আলম, আক্কাস খান, মেহেদী হাসান সুজন প্রমুখ।