ইভিএমে ভোট চুরির সম্ভাবনা আছে, সেটাই ভয়ের: জি এম কাদের

লালমনিরহাট নার্সিং কলেজের নবীণ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের
ছবি: প্রথম আলো

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে আবারও শঙ্কার কথা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তাঁর ভাষ্য, এই মেশিনে ভোট চুরির সম্ভাবনা থাকে। ফলাফল চ্যালেঞ্জ করার উপায় থাকবে না। একবার যে ফলাফল ঘোষণা হবে, সেটাই চূড়ান্ত বলে মানতে বাধ্য করা হবে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট নার্সিং কলেজের নবীনবরণ, শিরাবরণ ও বেল্ট পরিবর্তন অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন লালমনিরহাট-৩ (সদর) আসনের এই সংসদ সদস্য। তিনি বলেন, ‘ইভিএমে ভোট চুরির সম্ভাবনা আছে। ইভিএম মেশিন ভালো বা মন্দ, সেটার চেয়ে বড় কথা ইভিএম মেশিনের পেছনে যাঁরা কাজ করবেন, তাঁরা সরকারের প্রভাবে প্রভাবিত হবেন। তাঁরা সরকারের নির্দেশের বাইরে যেতে পারবেন না, সরকার যে ধরনের চাইবে, সে ধরনের তাঁরা ফলাফল প্রকাশ করার চেষ্টা করতে পারেন, সেটাই ভয়ের।’

ইভিএম নিয়ে দেশের মানুষের ধারণা নেতিবাচক বলে উল্লেখ করে জি এম কাদের বলেন, ‘ইভিএম মেশিনের ভোটকে আস্থায় নেওয়া সম্ভব নয়। দেশের মানুষও তা–ই মনে করে। ইভিএম মেশিন নিয়ে এমন ভাবনাচিন্তা রয়েছে মানুষের মাঝে। আমরা রাজনীতি করি দেশের মানুষের কল্যাণের জন্য, তাই তাদের ভাবনাচিন্তাকে আমরা গুরুত্ব দিতে চাই, দিয়ে থাকি।’

জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদেরের ভাষ্য, অন্যান্য রাজনৈতিক দলের মতো জাতীয় পার্টিও আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে আসছে নির্বাচনে দল এককভাবে অংশগ্রহণ করবে, নাকি আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধভাবে করবে, তা মন্তব্য করার সময় এখনো আসেনি।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘যখনই নির্বাচন হোক, আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করব। তবে আমরা এই (আওয়ামী লীগের) সরকারের অধীনে নির্বাচন করব কি করব না, আমরা কী ধরনের সরকার চাই, পরবর্তী সময় সে বিষয়ে সিদ্ধান্ত নেব বিচার–বিশ্লেষণ করে। এখনই সে বিষয়ে কিছু ভাবছি না।’

এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্যসচিব জাহিদ হাসান, সংসদ সদস্য ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সহকারী একান্ত সচিব আবু তৈয়বসহ অনেকে।