বিধিমালা অনুযায়ী, মাইক ব্যবহার করতে হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি লাগে। কিন্তু কেউ অনুমতি নিচ্ছেন না।

নেত্রকোনা শহরে উচ্চ শব্দের কারণে মানুষ প্রতিনিয়ত ভোগান্তি পোহাচ্ছেন। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন রিকশা, সিএনজি, ইজিবাইককে মাইক লাগিয়ে পুরোনো কাগজপত্র বিক্রি থেকে শুরু করে কোচিং সেন্টারে ভর্তিসহ নানা ধরনের প্রচারণা চলছে। অন্যদিকে আছে গাড়ি আর ট্রাকের হর্ন। চিকিৎসকেরা বলছেন, সহনীয় মাত্রার চেয়ে অতিরিক্ত শব্দ মানুষের স্বাস্থ্যের ক্ষতির কারণ।
শহরবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, শহরের সব সময় শব্দ বেশি হয়। কিন্তু গত দুই মাস ধরে এটা মাত্রাতিরিক্ত হয়ে উঠেছে। খতিবনগুয়া, কুড়পাড়া, সাতপাই, রেলক্রসিং, গাড়ারোড, আনন্দ বাজার, মোক্তারপাড়া, মইনপুর, নাগড়া, রাজুরবাজার, মালনিসহ বেশ কিছু এলাকায় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানের নামে মাইক ব্যবহার করা হচ্ছে। এমনকি গভীর রাত পর্যন্ত মাইকিং করা হয়।
এ ছাড়া রিকশা, ইজিবাইকসহ সিএনজিতে মাইকিং করে বিভিন্ন দোকান, ডায়াগনস্টিক সেন্টার, কোচিং সেন্টারের প্রচারণা চলছে। ট্রাক, লরিসহ বিভিন্ন যানবাহন সড়কে উচ্চ শব্দে হর্ন বাজাচ্ছে। ফলে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি কার্যালয়গুলোতে দৈনন্দিন কাজে সমস্যায় পড়তে হচ্ছে লোকজনকে।
মাইক বাজিয়ে পণ্য বিক্রি, সভা-সমাবেশ, মলম-মাজন-ইঁদুরের ওষুধ বিক্রি, গরু-ছাগল জবাইসহ নানা প্রচারণা চালানো হয়।সাইফুল্লাহ এমরান, সাংস্কৃতিক কর্মী
গতকাল সোমবার বেলা ১১টা থেকে এক ঘণ্টা শহরের তেরিবাজার এলাকায় অবস্থান করে দেখা যায়, চারপাশে আওয়াজ। এ সময় মাইক বাজিয়ে এনার্জি বাতি বিক্রি করছিলেন তোবারক মিয়া (২৮)। তিনি বলেন, ক্রেতাকে আকৃষ্ট করতে মাইক বাজাতেই লাগে। তিনি মাইকিংয়ের অনুমতি নেননি বলে জানান।
শহরের নাগড়া এলাকার সাংস্কৃতিককর্মী সাইফুল্লাহ এমরান বলেন, ‘শহরে সকাল থেকে রাত পর্যন্ত প্রতিদিন উচ্চ শব্দে মাইক বাজিয়ে পণ্য বিক্রি, সভা-সমাবেশ চিকিৎসকের সেবা, মলম-মাজন-ইঁদুরের ওষুধ বিক্রি, গরু-ছাগল জবাইসহ নানা প্রচারণা চালানো হয়। কী যে একটা অবস্থা!’
উকিলপাড়া এলাকার নবম শ্রেণির শিক্ষার্থী তাথৈই সরকার বলেছে, একদিকে গাড়ির অহেতুক হর্নের শব্দ, অন্যদিকে মাইকিংয়ের কর্কশ আওয়াজ। পড়ার মনোযোগ নষ্ট করে দেয়। মাঝেমধ্যে মাথা ছিম ছিম করে। বাড়ির শিশুরা আঁতকে ওঠে।
মোক্তারপাড়ার বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী বলেন, শহরে উচ্চ শব্দে দিন-রাত মাইকিং চলছে। ঘুমানো যায় না। কান ঝালাপালা হয়ে যায়। এসব বন্ধে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতসহ কঠোর নজরদারি চালানো প্রয়োজন।
চিকিৎসকেরা বলছেন, সহনীয় মাত্রার চেয়ে অতিরিক্ত শব্দ মানুষের স্বাস্থ্যের স্বাস্থ্যের ক্ষতির কারণ। মাত্রাতিরিক্ত শব্দদূষণের মধ্যে বসবাসকারীদের শ্রবণশক্তি লোপ পায়, উচ্চ রক্তচাপ, মাথা ধরা, খিটখিটে মেজাজ, অনিদ্রা ও হৃদ্যন্ত্রের সমস্যাসহ নানা রকম মানসিক সমস্যার সৃষ্টি হয়।
নেত্রকোনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক আবদুল গণি বলেন, শব্দদূষণে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশুরা। শিশুদের মানসিক বিকাশের অন্তরায় আছে শব্দদূষণ। শব্দের মাত্রা ৬০ ডেসিবেলের ওপরে হলে শ্রবণশক্তি হ্রাস পায়।
পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬-এ নীরব, আবাসিক, মিশ্র, বাণিজ্যিক ও শিল্প—এ পাঁচটি এলাকা চিহ্নিত করে শব্দের মাত্রা নির্ধারণ করা হয়েছে। বিধিমালা অনুযায়ী, নীরব এলাকায় দিনে (ভোর ছয়টা থেকে রাত নয়টা) ৫০ ডেসিবেল ও রাতে (রাত নয়টা থেকে ভোর ছয়টা) ৪০ ডেসিবেল, আবাসিক এলাকায় দিনে ৫৫, রাতে ৪৫ ডেসিবেলের বেশি শব্দ করা নিষেধ। মিশ্র এলাকায় দিনে ৬০ ও রাতে ৫০ ডেসিবেলের মধ্যে শব্দ থাকার কথা। কিন্তু জেলা শহরে হরহামেশা ৭০ থেকে ৮০ ডেসিবেল মাত্রার শব্দ হচ্ছে। বিধিমালায় অনুযায়ী, মাইক ব্যবহার করতে হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি লাগে। কিন্তু কেউ অনুমতি নিচ্ছে না।
পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) দিলরুবা আহমেদ বলেন, শব্দদূষণ মানুষের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। সম্প্রতি প্রতিটি জেলায়-উপজেলায় সচেতনতামূলক প্রচার ও সভা-সেমিনার করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হচ্ছে। নেত্রকোনা শহরের শব্দদূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দিলরুবা আহমেদ আরও বলেন, শব্দ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬-এ বলা আছে, কোনো ব্যক্তি বিধিমালার বিভিন্ন ধারা লঙ্ঘন করে দোষী সাব্যস্ত হলে তিনি প্রথম অপরাধের জন্য এক মাসের কারাদণ্ড বা অনধিক পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। পরবর্তী অপরাধের জন্য অনধিক ছয় মাসের কারাদণ্ড বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড পাবেন।