
নেত্রকোনার মদনে গৃহবধূ মুন্নি আক্তার (১৯) ও তাঁর শাশুড়ি রিনা আক্তারের (৪২) দ্বন্দ্বের জেরে হামলার ঘটনায় মো. শফিকুল ইসলাম (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন।
এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন মুন্নির স্বামী মোবারক হোসেন (২৫), শাশুড়ি রিনা আক্তার, মোবারকের স্বজন ইব্রাহিম মিয়া (৭৬), মাসুম মিয়া (১২), মিনারা আক্তার (৫০), জোনাঈদ মিয়া (১৬) ও কাদির মিয়া (১৫)। আহত ব্যক্তিদের মধ্যে চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যরা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে ও মোবারক হোসেনের প্রতিবেশী। তিনি স্থানীয় মক্তবের সাবেক শিক্ষক ছিলেন। এ ঘটনার পর মুন্নির মা স্বরুপা আক্তারকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বছরখানেক আগে রুদ্রশ্রী গ্রামের এলাল উদ্দিনের ছেলে মোবারক হোসেনের (২৫) সঙ্গে একই ইউনিয়নের ফতেপুর মড়লপাড়া গ্রামের আবদুল মান্নানের মেয়ে মুন্নি আক্তারের (১৯) বিয়ে হয়। তবে বিয়ের পর থেকে মুন্নি আক্তারের সঙ্গে তাঁর শাশুড়ি রিনা আক্তারের কলহ চলছিল। সম্প্রতি দুজনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এর মধ্যে গতকাল সন্ধ্যায় রিনা আক্তার ও মুন্নি আক্তার বাগ্বিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে মুন্নি আক্তার বাবার বাড়িতে চলে যান। সেখানে গিয়ে মুন্নি তাঁর বাবার কাছে শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ করেন।
পরে মুন্নির পরিবারের লোকজন লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে রাত সাড়ে নয়টার দিকে মোবারক হোসেনের বাড়িতে হামলা চালান। এ সময় মোবারক হোসেনের পরিবারের লোকজন প্রতিহত করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে প্রতিবেশী শফিকুল ইসলাম বাধা দিতে গেলে হামলাকারীরা তাঁকে ছুরিকাঘাত করেন। পরে শফিকুলসহ আহত ব্যক্তিদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শফিকুলকে মৃত ঘোষণা করেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, নিহত শফিকুল ইসলামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ সোমবার সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। এ নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।